ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে আট পয়েন্টে পৌঁছে নিজেদের কাজটা করে রাখল অস্ট্রেলিয়া
আপডেট করা - Nov 6, 2021 7:52 pm

আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার কাজটা ভাল মত সেরে রাখল অস্ট্রেলিয়া। ব্রাভো-গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচে হিরো বনে গেলেন ডেভিড ওয়ার্নার। ১৫৭ রান তাড়া করতে নেমে অজি ওপেনার ওয়ার্নার ৫৬ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনলেন। ৩২ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে ওয়ার্নারকে যোগ্য সঙ্গত দিলেন মিচেল মার্শ। ৩৩ রানে প্রথম উইকেট হারানোর পর ওয়ার্নার-মার্শ জুটি দ্বিতীয় উইকেটে ১২৪ রান যোগ করেন। গেইল একেবারে শেষে আউট করেন মিচেল মার্শকে।
আজ, শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপর নির্ভর করবে এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে। ক্যারিবিয়ানদের হারিয়ে সব ম্যাচ খেলে আট পয়েন্টে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। সেখানে ইংল্যান্ড এখন ৪ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে। আর দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৬ পয়েন্টে দাঁড়িয়ে। তবে নেট রানরেটের জায়গায় অবস্থা তাতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াই সেমিতে ওঠার ব্যাপারে ফেভারিট।
ফলে দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে জিতলে ৮ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা-তিনটি দল ৮ পয়েন্টে দাঁড়িয়ে তাকবে, আর কোন দুটি দল সেমিতে উঠবে তা ঠিক হবে নেট রানরেটের ভিত্তিতে।