বলের নিরিখে দ্রুততম সময়ে ১৫০০ টি-২০ রান সম্পূর্ণ করেছেন সূর্যকুমার যাদব
রাজকোটে তৃতীয় টি-২০তে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সূর্যকুমার
আপডেট করা - Jan 8, 2023 1:24 pm

টি-২০ ক্রিকেটে বিস্ফোরক ফর্মে থাকা সূর্যকুমার যাদব রাজকোটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজ-নির্ধারক টি-টোয়েন্টিতে আবারও প্রমাণ করেছেন কেন তিনি এই ফর্ম্যাটের শীর্ষ র্যাঙ্কের ব্যাটার। মিডল-অর্ডার ব্যাটারটি মাত্র ৫১ ডেলিভারিতে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলে আয়োজক দলকে ২২৮ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন। সূর্যর ইনিংসের সৌজন্যে ভারত ৯১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। অত্যাশ্চর্য ইনিংসটি ‘স্কাই’কে আরও একটি রেকর্ড ভাঙতে অবদান রেখেছে।
সূর্যকুমার মাত্র ৮৪৩ বলের মোকাবিলা করে টি-২০তে ১৫০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করা দ্রুততম খেলোয়াড় হয়ে উঠেছেন। ইনিংসের নিরিখে তিনি তৃতীয় দ্রুততম হিসেবে ১৫০০ টি-২০ রান সম্পূর্ণ করেছেন। ৩২ বছর বয়সী টি-টোয়েন্টিতে দেড় হাজার রান করতে ৪৩ ইনিংস নিয়েছেন যেখানে বিরাট কোহলি, কেএল রাহুল, অ্যারন ফিঞ্চ ও বাবর আজম প্রত্যেকেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন ৩৯টি ইনিংস খেলে।
প্রথম ব্যাটার হিসেবে ১৫০ বা তার বেশী স্ট্রাইক রেট নিয়ে সূর্যকুমার যাদব ১৫০০ টি-টোয়েন্টি রান করেছেন
উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের বিস্ফোরক ব্যাটারই প্রথম যিনি এই মাইলফলকে পৌঁছেছেন ১৫০ বা তার বেশী স্ট্রাইক রেট নিয়ে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজ-নির্ধারক টি-টোয়েন্টির সময় সূর্যকুমার মাত্র ৪৫ বল নিয়ে টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। দ্রুততমটি রোহিত শর্মার নামে রয়েছে। ২০১৭ সালে শ্রীলঙ্কার সেঞ্চুরি করতে ৩৫ বল নিয়েছিলেন তিনি।
“আপনি যখন একটি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন নিজের উপর চাপ তৈরি করা সত্যিই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনুশীলনে এটি করেন তবে গেমটি খেলার সময় এটি কিছুটা সহজ হয়ে যায়। অনেক কঠোর পরিশ্রম জড়িত থাকে কিন্তু মূল বিষয়টি হল মানসম্পন্ন অনুশীলন সেশনে লিপ্ত থাকা। আপনার খেলাটি কেমন তা আপনার জানা উচিৎ এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিৎ,” নিজের প্রস্তুতি সম্পর্কে বলেছেন সূর্যকুমার।
“পিছনের বাউন্ডারি ৫০-৬০ মিটারের মতো, তাই আমি ঐদিকটা লক্ষ্য করেছিলাম। কিছু শট আছে যা আগে থেকে নির্ধারিত কিন্তু আপনার অন্যান্য শটও থাকতে হবে যাতে বোলার তাঁর পরিকল্পনা পরিবর্তন করলে আপনার কাছে সেটারও উত্তর যেন থাকে। তিনি (দ্রাবিড়) আমাকে শুধু উপভোগ করতে দেন। আমাকে শুধু উপভোগ করতে এবং নিজেকে প্রকাশ করতে বলেছেন তিনি,” তৃতীয় টি-টোয়েন্টিতে একটি চাঞ্চল্যকর প্রদর্শনের পর সূর্যকুমার বলেছেন।