এবার হয়তো আইপিএলে ডাক আসবে, আশাবাদী শানাকার কোচ সিলভারউড
চলমান ভারত সফরে অনবদ্য ফর্মে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক
আপডেট করা - Jan 11, 2023 6:52 pm

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দাসুন শানাকার দুর্দান্ত পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড এবং তিনি মনে করেন শীঘ্রই আইপিএল চুক্তি পাওয়া উচিৎ তাঁর। ২৩শে ডিসেম্বর আয়োজিত আইপিএল ২০২৩ মিনি-নিলামের সময় অবিক্রিত ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক কিন্তু তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স, বিশেষ করে ভারতের বিরুদ্ধে, নিঃসন্দেহে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিকে আগ্রহী করবে।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ বলে হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতক করা শ্রীলঙ্কান হয়ে উঠেছেন শানাকা। তিনি সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে ১৮৭.৮৭-এর স্ট্রাইক রেটে তিন ইনিংসে ১২৪ রান করে তাঁর দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং ওডিআই সিরিজে তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক শতরান করে সেই ফর্ম অব্যাহত রাখেন।
৩১ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার গুয়াহাটিতে ৩৭৪ রানের বড় লক্ষ্য তাড়া করার সময় একটি বিশাল পরাজয় এড়িয়ে শ্রীলঙ্কাকে ২০৬/৮ থেকে ৩০৬/৮-এ টেনে নিয়ে যান। ইনিংসের দ্বিতীয়-শেষ ডেলিভারিতে একটি চার মেরে তাঁর সেঞ্চুরি পূর্ণ করার পরে মহম্মদ শামির বলে বিশাল ছক্কায় ম্যাচ শেষ করেন।
সিলভারউড মনে করেন যে শানাকার প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা নজর রাখবে। “আমি মনে করি সে (শানাকা) অনেক উন্নতি করেছে। সে এখন নিজেকে মার্কেটপ্লেসে রেখেছে। আমি নিশ্চিত (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিরা তাকে দেখবে এবং বুধবে যে সে কতটা প্রাণবন্ত একজন ক্রিকেটার এবং শক্তিশালী স্ট্রাইকার। তাই আশা করি সে সুযোগ পাবে,” মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সিলভারউড বলেছেন।
আমি মনে করি না আমরা কেবল দাসুন শানাকার উপর নির্ভর করি: ক্রিস সিলভারউড
শানাকা ১০৮* রান না করলে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বিশাল পরাজয় বরণ করতে হত। ওপেনার পাথুম নিসাঙ্কা ৭২ রানের অবদান রাখলেও গুয়াহাটিতে ভারতের পেস আক্রমণের বিরুদ্ধে অন্য ব্যাটারদের স্বাচ্ছন্দ্যে দেখায়নি। শ্রীলঙ্কা তাদের অধিনায়কের উপর অত্যধিক নির্ভরশীল কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সিলভারউড বলেছেন যে তাঁর দল কেবল শানাকার উপর নির্ভরশীল নয় এবং যোগ করেছেন যে দলের প্রতিটি ব্যক্তি নির্দিষ্ট সময় ধরে ভালো অবদান রাখছে।
“আমি মনে করি না আমরা (শুধু) দাসুনের উপর নির্ভর করি। সে এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে, তাই স্পষ্টতই সে দৃষ্টি আকর্ষণ করছে। আপনি যদি দেখেন, আমাদের হয়ে পাথুম (নিসাঙ্কা)ও আজ রান করেছি। আমি ভেবেছিলাম তার এবং ধনঞ্জয়া (ডি সিলভা)-র মধ্যে অংশীদারিত্ব আমাদেরকে কিছুটা গতি দিয়েছে। আমরা বেশ কিছু সময় ধরেই দেখেছি যে প্রতিটি খেলোয়াড় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে,” সিলভারউড যোগ করেছেন।