পান্তের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার
ইনিংসের তৃতীয় বলে স্টেপ আউট করে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে শূণ্য রানে আউট হন পান্ত
আপডেট করা - Jan 5, 2022 7:17 pm

টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ইতিবাচক ছন্দে শুরু করেছিল। অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা দুজনেই দ্বিতীয় দিন যেখানে থেমেছিলেন সেই একই গতি নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু করেন এবং দিনের প্রথম আধঘণ্টায় আধিপত্য বিস্তার করে নিজেদের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। কাগিসো রাবাডা তাঁদের দুজনকেই দ্রুত পরপর ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে ভারতীয় দলকে চাপে ফেলে দেন।
ভারত যখন ১৬৩/৪, তখন হনুমা বিহারীর সঙ্গ দিতে আসেন ঋষভ পান্ত। ব্যাটিং গার্ড নেওয়ার সময় শর্ট লেগে দাঁড়ানো র্যাসি ফান ডার ডাসেন পান্তকে কিছু বলেন । পান্ত তাঁকে জবাব ফিরিয়ে দিতে দ্বিধা করেননি এবং দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়কে তাঁর মুখ বন্ধ করতে বলেন।
এরপরের বলে রাবাডা একটি বাউন্সার দেন, যেটি খেলতে গিয়ে পান্তকে অস্বাচ্ছন্দ্যে দেখায়। তারপর পান্ত তাঁর তৃতীয় বলেই স্টেপ আউট করে একটি শট খেলতে গিয়ে তৃতীয় বলেই বিদায় নেন। উইকেটকিপার-ব্যাটার ডাকে প্যাভিলিয়নে ফিরে যান। ইনিংসের শুরুতেই পান্তের বড় শট খেলার চেষ্টা দেখে ক্রিকেট মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মতে, পান্তের উচিত বোলারকে সম্মান করা এবং দায়িত্ব নিয়ে খেলা। প্রায়শই এই উইকেটকিপার-ব্যাটারকে আক্রমণাত্মক খেলা খেলে ম্যাচে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু গাভাস্কার মনে করেন এই সময়ে তাঁর স্বাভাবিক খেলা নিয়ে কোনো আলোচনা করা উচিত নয় কারণ ইনিংসের প্রথম দিকে বড় শট খেলার চেষ্টা করা উচিত হয়নি।
খারাপ শটের অজুহাত হয় না, পান্তকে দায়বদ্ধতা দেখাতে হবে: সুনীল গাভাস্কার
“ওই শটের কোন অজুহাত হয় না। ‘ওটা তো তার স্বাভাবিক খেলা’ এমন যুক্তিহীন কথা বললে হবে না। দায়বদ্ধতা দেখাতে হবে। রাহানের মতো ক্রিকেটারের গায়ে বল লেগেছে। পূজারা নিজের শরীরে বলের ধাক্কা খেয়েছে। তাই তাকেও এর বিরুদ্ধে লড়াই করতে হবে” গাভাস্কার ধারাভাষ্য দেওয়ার সময় বলেছেন।
এই ঘটনার কিছু পরেই আরও একটি উত্তেজক পরিস্থিতি তৈরী হয় মাঠে যখন মার্কো জ্যানসেনের শর্ট পিচ বল জসপ্রীত বুমরাহর গায়ে লাগে। দুই ক্রিকেটার প্রথমে একে অপরের সাথে কড়া চাহনি বিনিময় করেন। তারপর মাঝপিচে দাঁড়িয়ে তাঁদের উত্তপ্তভাবে বাক্যবিনিময় করতে দেখা যায়।
তাঁদের আলাদা করতে আম্পায়ার এবং খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়েছিল। জসপ্রীত বুমরাহ ক্রিজে ফিরে ঘটনাটি সম্পর্কে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকেও কিছু বলেন।