“মূর্খ ক্রিকেট” – ২০ রানে জিতেও ব্যাটারদের দুষলেন কেএল রাহুল

লখনউ অধিনায়ক মনে করেন আরও স্মার্টভাবে খেললে ১৮০-১৯০ তুলতে পারতো দল

KL Rahul and Quinton de Kock
KL Rahul and Quinton de Kock. (Photo Source: IPL/BCCI)

শুক্রবার (২৯শে এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর দলের ২০ রানের জয় সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল খুশি হতে পারেননি। ভালো শুরু হলেও সুপার জায়ান্টস তাদের নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৩/৮ করতে পারে এবং দশের ওভারের পর থেকে তাদের ব্যাটিং ধ্বসের মুখে পড়তে হয়। সৌভাগ্যবশত তাদের বোলাররা হতাশ না করায় লখনউ-ভিত্তিক দল দুই পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে।

নয় ম্যাচ খেলে লখনউয়ের এটি ষষ্ঠ জয় ছিল এবং তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এর প্লে অফে স্থান পাওয়ার আরও কাছাকাছি চলে এসেছে। যদিও রাহুল সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট ছিলেন, তিনি প্রথমে ব্যাট করার সময় দলের ‘বোকা ক্রিকেট’ খেলার জন্য তাঁর ব্যাটারদের আক্রমণ করেছিলেন। রাহুল নিজে এগারো বলে ছয় রান করেছিলেন। তাঁর সতীর্থরা ভালো শুরু করেও বড় রান না তোলায় খুশি ছিলেন না তিনি।

প্রথম ইনিংস শেষে আমি হতাশ এবং রেগে ছিলাম: কেএল রাহুল

এক পর্যায়ে এলএসজি ৯৮/১ থেকে পরের ১৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়েছিল। তাই, রাহুল মনে করেন যে অন্য ব্যাটাররা ভালো অবদান রাখলে তাঁর দল ১৮০-১৯০ তুলতে পারত। “প্রথম ইনিংসের শেষে আমি হতাশ এবং রেগে ছিলাম। ব্যাট নিয়ে বোকা ক্রিকেট,” খেলার পর রাহুল বলেছিলেন।

“আমাদের ব্যাট হাতে আরও ভালো করতে হবে। ইনিংসের মাঝামাঝি অবধি কুইনি (কুইন্টন ডি কক) এবং দীপক (হুডা) ব্যাটিং করছিল। কঠিন উইকেটে ৯ ওভারে ৬০ তোলার পর তারা সত্যিই খুব ভালো গতি নিয়ে এগোচ্ছিল। আমরা যদি স্মার্টভাবে ব্যাটিং করতাম, তাহলে আমরা ১৮০-১৯০ রান করতে পারতাম,” তিনি যোগ করেছেন। রাহুল তাঁর বোলারদের প্রশংসা করেছেন এত কম স্কোরকে বেশ স্বাচ্ছন্দ্যে রক্ষা করার জন্য।

“আমি মনে করি আমাদের খেলাটি পড়ার ক্ষেত্রে আরও স্মার্ট হতে হবে। খুব বেশি শট না খেললে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা ফিল্ডিংয়ে ভালো এবং বল হাতেও ভালো। শুধু ভালো জিনিসের পুনরাবৃত্তি করতে হবে। বল নিয়ে আমরা যেভাবে সাড়া দিয়েছিলাম তা অসাধারণ। ক্রূণাল (পান্ডিয়া) পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত। এই মরসুমে সে সত্যিই তার বোলিংয়ে উন্নতি করেছে,” রাহুল শেষে বলেছেন।

close whatsapp