দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হয়ে ড্রেসিং রুমে হতাশার বহিঃপ্রকাশ স্মিথের
সুইপ শট খেলতে গিয়ে ৯ রানে আউট হন স্মিথ
আপডেট করা - Feb 22, 2023 1:18 pm

ম্যাচের প্রথম দুই দিনে নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের কাছে বিপর্যয়কর হারের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা সাত উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে তিন ব্যাটারকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিট মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। ভারতের শেষ পর্যন্ত ছয় উইকেটে ম্যাচ জিতেছে।
দ্বিতীয় ইনিংসে সুইপ শট খেলতে গিয়ে বেশ কিছু অস্ট্রেলিয়ান ব্যাটার আউট হয়েছেন। প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ তাদের মধ্যে একজন, যিনি সামনের পা বলের লাইন থেকে দূরে না নিয়ে একটি চরিত্রবিরুদ্ধ শট খেলার চেষ্টা করেছিলেন এবং তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন। সেই শট দেখার পরেও তাঁর সতীর্থরা তা থেকে শিক্ষা নেননি এবং সুইপ শট খেলতে গিয়ে আরও অনেকেই বিপদ ডেকে এনেছিলেন।
অস্ট্রেলিয়ার আরও একটি দুর্বল পারফর্ম্যান্সের পরে ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুটো প্রকাশ করেছেন যে আউট হওয়ার পরে ড্রেসিং রুমে স্টিভ স্মিথ তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। ভেনুটো উল্লেখ করেছেন যে তিনি এখনও তারকা ব্যাটারের সঙ্গে কথা বলেননি তবে ড্রেসিংরুমের প্রত্যেকেই তাঁর হতাশা সম্পর্কে অবগত ছিলেন।
“আমি এখনও তার সাথে এই বিষয়ে কথা বলিনি এবং জানি না সে কী অবস্থায় আছে। তবে সে এই কন্ডিশন সম্পর্কে উত্তেজিত, সে এই কন্ডিশন পছন্দ করে। এই মুহুর্তে এটা তার জন্য হতাশাজনক যে সে তার পছন্দমতো প্রভাব ফেলতে পারেনি। আউট হওয়ার পরে সে অবশ্যই হতাশ হয়েছিল এবং সে ড্রেসিং রুমে বুঝিয়ে দিয়েছিল যে এটি একটি খারাপ শট ছিল। আমি মনে করি অনেকেই এটা শুনেছিল, তাই তাদের কী করা উচিৎ নয় সে সম্পর্কে একটি ন্যায্য ধারণা ছিল তাদের,” হিন্দুস্তান টাইমস দ্বারা উদ্ধৃত হয়েছেন ভেনুটো।
উসমান খোয়াজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ
ভেনুটো বিশ্বাস করেন যে উসমান খোয়াজা প্রথম ইনিংসে সফল ছিলেন কারণ ওপেনার সুইপকে রক্ষণের জন্যব্যবহার করেননি। তিনি উল্লেখ করেছেন যে অন্যান্য ক্রিকেটাররা তাদের ডিফেন্সের উপর আস্থা রাখছিল না এবং এই কারণেই তাঁরা সুইপ করতে শুরু করে এবং অবশেষে তাঁদের উইকেট হারায়। তিনি আরও বলেছেন যে এটি ভুল মানসিকতা এবং এর পরিবর্তন করা প্রয়োজন।
“উজ (উসমান খাজা) প্রথম ইনিংসে সুন্দর খেলেছে এবং পাকিস্তান ও উপমহাদেশের বাকী অংশেই ভালো খেলেছে। এটা (সুইপিং) তার খেলার অংশ, কিন্তু সে এটা মারার জন্য বল বাছাই করে। সে এটিকে প্রতিরক্ষার একটি ফর্ম হিসাবে ব্যবহার করছে না এবং আমি মনে করি পরের দিকে (অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে) এটিই হয়েছিল। খেলোয়াড়রা তাদের প্রতিরক্ষার উপর আস্থা রাখছিল না তাই সুইপ মারার চেষ্টা শুরু করেছিল, যা ভুল উপায়,” ভেনুটো যোগ করেছেন।