টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

চোটের কারণে সুযোগ পেলেন না রাসি ফান ডার ডাসেন

South Africa
(Photo by Pankaj Nangia/Gallo Images/Getty Images)

দক্ষিণ আফ্রিকা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং রাসি ফান ডার ডাসেনের মতো একজন নির্ভরযোগ্য ব্যাটারের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দ্বিতীয় টেস্টের সময় বাম তর্জনীতে চিড় ধরেছিল এই মিডল অর্ডার ব্যাটারের। এটি প্রোটিয়া দলের জন্য সত্যিই একটি বড় ধাক্কা কারণ ৩৩ বছর বয়সী এই দলের একটি অবিচ্ছেদ্য অংশ বিগত তিন বছর ধরে।

ফান ডার ডাসেন টুর্নামেন্ট থেকে বাদ পড়ায়, তরুণ ট্রিস্টান স্টাবসকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কয়েক মাস আগে আন্তর্জাতিক অভিষেক হওয়া তরুণ আগ্রাসী ব্যাটারের পাওয়ার-হিটিংয়ের ক্ষমতা তাঁকে দলে জায়গা পেতে সুবিধা দিয়েছে।

পেস, স্পিন উভয় বিভাগেই সমৃদ্ধ দক্ষিণ আফ্রিকার স্কোয়াড

এদিকে, বাকি দলে ডেভিড মিলার, কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা, তাব্রেইজ শামসির মতো বেশ কয়েক জন বড় তারকা রয়েছেন। রাইলি রসৌর অন্তর্ভুক্তি টপ অর্ডারে শক্তি যোগাবে এবং একাদশ চূড়ান্ত করা টিম ম্যানেজমেন্টের জন্য মাথা ব্যাথা হতে পারে। এদিকে, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস ও কেশব মহারাজের মতো ব্যাটিং ক্ষমতা সম্পন্ন বোলারদের উপস্থিতির ফলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন-আপ অনেক গভীর হবে।

রাবাডা ছাড়াও লুঙ্গি ঙ্গিডি, অনরিখ নর্কিয়ার মতো পেসাররা অস্ট্রেলিয়ার বাউন্স-সমৃদ্ধ পিচে বোলিং উপভোগ করবেন। সামগ্রিকভাবে, স্কোয়াডটি ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে এবং অধিনায়ক তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ের খরা শেষ করতে বদ্ধপরিকর হবেন।

প্রোটিয়ারা গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছিল এবং পাঁচটি গ্রুপ-পর্যায়ের ম্যাচের মধ্যে চারটি জিতেছিল। যদিও, বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে একটি সংকীর্ণ পরাজয়ের ফলে সেমিফাইনালে জায়গা পাওয়া থেকে বঞ্চিত হয়। তাই, দল এবার তাদের পারফর্ম্যান্স আরও উন্নত করতে চাইবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, হাইনরিখ ক্লাসেন, রিজা হেন্ড্রিক্স, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি ঙ্গিডি, অনরিখ নর্কিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রাইলি রসৌ, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস। 

রিজার্ভ: বিয়র্ন ফরটুইন, মার্কো ইয়্যানসেন ও আন্দিলে ফেহ্ক‌লুকওয়ায়ো

close whatsapp