বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেলেন স্মৃতি মান্ধানা

সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Chris Hyde/Getty Images)

ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা রবিবার ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস বোলার শবনিম ইসমাইলের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছেন। দুর্ঘটনাটির পর, মান্ধানাকে দলের ডাক্তার পরীক্ষা করেছিলেন এবং তাঁকে ফিট হিসেবে ঘোষণা করেছিলেন।

তবে, দেড় ওভার পরে দলের পক্ষ থেকে আবার বার্তা যায় তাঁর কাছে। সেই পরামর্শ মেনে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ব্যাটার। সেই বাউন্সারের আঘাতে মান্ধানা বিব্রত হলেও তিনি কনকাশনের কোন প্রভাব অনুভব করেননি। মেডিক্যাল টিমের মতে, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে মাঠ ছেড়েছেন স্মৃতি।

ভারত ৫০ ওভারে করে ২৪৪

ম্যাচের প্রসঙ্গে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লাস টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। দুই সিনিয়র ব্যাটার দীপ্তি শর্মা এবং অধিনায়ক মিতালী রাজ ম্যাচের ১০ ওভারের মধ্যে তাদের উইকেট হারানোয় ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। যদিও, ইয়াস্তিকা ভাটিয়ার ধীর কিন্তু অবিচলিত ৫৮ রান নিশ্চিত করেছে যে তাঁর দল যেন ম্যাচ থেকে ছিটকে না যায়। ২১ বছর বয়সী ব্যাটার তাঁর ইনিংসে চারটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরেছেন।

ম্যাচের সেরা ইনিংসটি এসেছে হরমনপ্রীত কউরের ব্যাট থেকে। তিনি মাত্র ১১৪ বলে ১০৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। বর্ষীয়ান ব্যাটার তাঁর ইনিংসে নয়টি বাউন্ডারি মেরেছিলেন, এবং ভাটিয়ার সাথে ৮৪ রানের একটি মূল্যবান জুটি গড়েন। ভাটিয়া অধিনায়ক লাসের বোলিংয়ে আউট হওয়ার পরে, ভারতের পক্ষে বেশিরভাগ রান এসেছে কউরের ব্যাট থেকে।

রিচা ঘোষ, স্নেহ রানা এবং পূজা ভাস্ত্রকার সহ অন্যান্য ভারতীয় ব্যাটাররাও দুই অঙ্কের স্কোর করে। টিম ইন্ডিয়া তাদের নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৪৪ রানে তাদের ইনিংস শেষ করে। দক্ষিণ আফ্রিকার পক্ষে, আয়বোঙ্গা খাকা সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনি তার সাত ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন। ইসমাইল, মাসাবাটা ক্লাস, লাস এবং ক্লো ট্রায়ন একটি করে উইকেট নেন।

টুর্নামেন্টে ভারত তাদের অভিযান শুরু করছে ৬ই মার্চ (রবিবার) বে ওভাল, মাউন্ট মাউঙ্গানুইতে। সেই ম্যাচে টিম ইন্ডিয়া তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। 

close whatsapp