খেলতে পারবেন স্মৃতি মন্ধনা, বিশ্বকাপের আগে স্বস্তি ভারতীয় দলের অন্দরে
আপডেট করা - Mar 2, 2022 1:37 pm

মহিলা বিশ্বকাপের মঞ্চে তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধনাকে নিয়েই মাঠে নামতে পারবে ভারত। রবিবার তাঁকে ঘিরে আশঙ্কা দেখা দিলেও, সোমবারই সুসংবাদ ভারতীয় দলের অন্দরে। মাথায় চোট াগলেও, স্মৃতি মন্ধনা এখন পুরোপুরি সুস্থ। আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। আর প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ঝুলন গোস্বামীদের শিবিরে এটা যে বড় স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৬ মার্চ মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা দল। পাঁচ ম্যাচের সিরিজে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিলেন মিতালী রাজরা। যদিও তাতে ভেঙে পড়তে নারাজ। কিউইদের মাঠ থেকে বিশ্বকাপ জিতে ফেরার ব্যপারে এখনও পর্যন্ত যতেষ্ট আশাবাদী ভারতীয় মহিলা ক্রিকেটাররা। আর সেই লক্ষ্যে দলের অন্যতম প্রধান শক্তি যে স্মৃতি মন্ধনা তা বলার অপেক্ষা রাখে না।
মহিলা বিশ্বকাপে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত রবিবার সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন মিতালী রাজ, ঝুলন গোস্বামীরা। সেখানেই প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সময় ব্যাটিং করাকালীনই প্রতিপক্ষ বোলারার বাউন্সারে মাথায় আঘাত পান স্মৃতি মন্ধনা।
মাথায় চোট পেলেও এখন স্মৃতি মন্ধনা পুরোপুরি সুস্থ, খেলতে পারবেন বিশ্বকাপে
এরপরই আর মাঠে থাকতে পারেননি তিনি। আঘাত পাওয়ার পরই রিটায়ার হার্ট নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। স্মৃতি মন্ধনা মাঠ ছাড়ার পরই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় বিস্তর জল্পনা। বিশ্বকাপে স্মৃতি মন্ধনার খেলা নিয়েও অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করে। কারণ আইসিসির কনকাশন নিয়মে একটু সমস্যা হলেই, সেই ক্রিকেটার মাঠে নামার সুযোগ পাবেন না। আর স্মৃতি তো মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তেই বাধ্য হয়েছিলেন।
এরপর থেকেই নানান গু়্জন চলছিল। যদিও শেষপর্যন্ত স্বস্তির খবরই এসেছে। কোনোরকম সমস্যা নেই স্মৃতি মন্ধনার। এখন তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। এছাড়া কনকাশন সমস্যাও হয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটারের। ড্রেসিংরুমে ফেরার পর থেকেই তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিত্সকরা। স্ক্যান করানো হয় স্মৃতি মন্ধনাকে। সেখানে কোনওরকম কিছুই পাওয়া যায়নি। শুধু তাই নয়, তাঁর কনকাশনের সমস্যাও পাওয়া যায়নি।
এরপরই মাঠে নামার ছাড়পত্র পান তিনি। আইসিসি সূ্ত্রে নাকি তাঁকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এই খবরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্দরে যে স্বস্তি আবহ ফিরে এসেছে তা বলাই বাহুল্য।