স্পিনারদের বিরুদ্ধে পারলেও, পেসারদের বিরুদ্ধেই শ্রেয়সের সমস্যা হচ্ছে বলে মনে করেন ইরফান পাঠান
আপডেট করা - Jun 19, 2022 10:38 am

আইপিএলের পর ভারতীয় দলের জার্সিতেও এখনও পর্যন্ত সেভাবে সফল নন শ্রেয়স আইয়ার। যে ফর্মে আইপিএলের আগে শ্রীলঙ্কা সিরিজে দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত সেই ফর্মে দেখা যায়নি তাঁকে। চার ম্যাচ খেলা হয়ে গেলেও, এখনও পর্যন্ত অর্ধশতরান পাননি তিনি। আর তাঁর খেলা দেখার পরই শ্রেয়স আইারকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন ইরফান পাঠান। পেসের বিরুদ্ধেই খেলতে শ্রেয়সের সমস্যা হচ্ছে বলে মনে করছেন তিনি।
শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের প্রশংসা সবসময়ই শোনা গিয়েছে তাঁর মুখে। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনও শ্রেয়স আইয়ারের ব্যাটিং নিে প্রশংসা করেছেন ইরফান পাঠান। কিন্তু সেইসঙ্গেই শ্রেয়স কেন বড় রান পাচ্ছেন না তাও জানালেন ইরফান পাঠান। তাঁর জোরালো পেস বোলিংয়ের বিরুদ্ধেই খেলতে সমস্যা হচ্ছে শ্রেয়স আইয়ারের। আর শুধু এখানেই নয়, আইপিএলের মঞ্চেও নাকি সেই সমস্যা দেখা গিয়েছে। সেদিকেই শ্রেয়সকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান।
দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম ম্যাচে ফাস্ট ডাউনে ব্যাটিংয়ে এসে আক্রমণাত্মক ব্যাটিং করলেও, ৪০ রানের মাথাতেই আউট হয়ে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিও ম্যাচে অর্ধশতরান পেতে পারেননি তিনি। শেষ দুই ম্যাচে তো একেবারেই বড় রান পাননি তিনি। স্পিন এবং মিডিয়াম পেসের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ভাল পারফরম্যান্স দেখাতে পারলেও, বোলিং যেই ১৪০ টপকে যাচ্ছে তখনই খেলতে সমস্যায় পড়ছেন তিনি।
চলতি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের সর্বোচ্চ রান ৪০
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসে ইরফান পাঠান জানিয়েছেন, “তিনি স্পিনারদের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন। এমনকী বলের গতি ১৪০-এর নচে থাকলেও তাঁর কোনও সমস্যা হচ্ছে না। কিন্তু একটা জায়গাতেই তাঁর ব্যাটিংয়ের উন্নতি দরকার। দ্রুত গতির বোলিংয়ের বিরুদ্ধেই তাঁকে আরও সাবধান হতে হবে। বিশেষ করে কাঁধের ওপরে যখন বোলিংয়ের উচ্চতা উঠবে তখন তো তাঁর সমস্যা আরও বেড়ে যায়”।
তিনি আরও জানিয়েছেন, “একজন ভাল ক্রিকেটার হিসাবে তাঁর গড় কিন্তু ৫০ রয়েছে। তিনি একজন অসাধারণ ব্যাটার এবং তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভাল। তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি এবং সেই জায়গায় নিজের ভূমিকা পালনেও যথেষ্ট সচেষ্ট শ্রেয়স আইয়ার”।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব ছিল তাঁর ওপর। নাইট রাইডার্সকে জেতাতে না পারলেও, বেশকয়েকটি ম্যাচে বড় পেয়েছেন তিনি। যদিও পেস বোলিংয়ের বিরুদ্ধে সেখানেও শ্রেয়স আইয়ারকে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু ভারতীয় দলের জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য তা দেখা যায়নি। এখনও পর্যন্ত চার ম্যাচে তিনি রান করেছেন ৪০, ৩৬, ১৪ এ ৪। রবিবার শেষ টি টোয়েন্টিতে নামছে টিম ইন্ডিয়া। সেখানে শ্রেয়সের ব্যাট থেকে বড় রান আসে কিনা সেটাই এখন দেখার।