পিঠের ব্যথায় ভুগছেন শ্রেয়াস, নিয়ে যাওয়া হল স্ক্যানের জন্য
ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে শ্রীকর ভরতকে
আপডেট করা - Mar 12, 2023 11:29 am

ভারতীয় মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের চতুর্থ দিনে তাঁর পিঠের নীচের অংশে ব্যথার অভিযোগ করেছেন। সেই কারণে স্ক্যানের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণত পাঁচে ব্যাটিং করতে পাঠানো হলেও, ম্যাচের তৃতীয় দিনে যখন ভারতের তৃতীয় উইকেটের পতন হয়, তখন তাঁকে ব্যাটিংয়ে নামানো হয়নি।
শ্রেয়াস আইয়ার পিঠের নিচের অংশে ব্যথার সমস্যা খুব বেশী বেড়ে গেলে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া আরও বড় ধাক্কা খেতে পারে। জানা যাচ্ছে যে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে আইয়ার তাঁর অস্বস্তির বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ব্যাটারের অস্বস্তির গভীরতা বোঝার জন্য স্ক্যানের জন্য পাঠানো হয়েছে তাঁকে। এই ম্যাচে শ্রেয়াস ব্যাট করার জন্য মেডিক্যাল টিমের কাছ থেকে সবুজ সংকেত পান কিনা তার দিকে নজর থাকবে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
দিনের প্রথম ঘণ্টাতেই আউট হয়েছেন রবীন্দ্র জাডেজা
ম্যাচের প্রসঙ্গে, ভারত চতুর্থ দিন শুরু করেছিল ২৮৯/৩ স্কোর থেকে। দুই অপরাজিত ব্যাটার বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজার মধ্যে ৬৪ রানের গুরুতেপূর্ণ পার্টনারশিপ হয়েছিল। তবে, সফরকারীরা জাডেজার উইকেট নিয়ে প্রথম ঘণ্টাতেই ভারতকে ধাক্কা দেন। টড মার্ফির বলে স্টেপ আউট করে খেলতে গিয়ে জাডেজা মিড অনের হাতে ক্যাচ দিয়ে বসেন। ২৮ রানে জাডেজার ইনিংস শেষ হয়।
আইয়ারের পিঠের অস্বস্তির কারণে শ্রীকর ভরত ক্রিজে কোহলির সঙ্গে যোগ দেন। টিম ইন্ডিয়ার প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার ৪৮০ রানের স্কোরের কাছাকাছি যাওয়াা। নিরাপদ জায়গায় যাওয়ার পরে দিনের শেষের দিকে ভারত গতি বাড়িয়ে খেলতে পারে। প্রতিবেদন লেখার সময়ে কোহলি ৮১ রানে অপরাজিত আছেন।
রোহিত শর্মা ও তাঁর সতীর্থরা আহমেদাবাদ টেস্টে জয় পাওয়ার দিকে তাকিয়ে আছে কারণ এই ম্যাচে জিতলে ভারত সরাসরি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। ভারত জিততে ব্যর্থ হলে এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জিতলে ওভালে আয়োজিত ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।