১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ভরাডুবির কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানকে সাবধান করলেন শোয়েব আখতার
তাঁর মতে ইংল্যান্ড হতে পারে পাকিস্তানের চিন্তার কারণ
আপডেট করা - Nov 5, 2021 8:20 pm

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার পাকিস্তান ক্রিকেট দলের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন। পাকিস্তান পরপর চারটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করেছে। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের ভয়াবহ হারের কথা স্মরণ করে আখতার চান বাবর আজমের নেতৃত্বাধীন দল সতর্কতার সাথে খেলুক এবং টুর্নামেন্টে তাদের অপরাজিত ধারা বজায় রাখুক।
সুপার ১২ পর্বে তাদের চারটি গ্রুপ খেলায় চারটি জয়ের সাথে পাকিস্তান এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং নামিবিয়াকে পরাজিত করার আগে পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারিয়ে তাদের অভিযান শুরু করেছিল।
১৯৯৯ সালের মতো খারাপ দিন চাই না – শোয়েব আখতার
তাঁর ইউটিউব চ্যানেলে টুর্নামেন্টে পাকিস্তানের সফর সম্পর্কে কথা বলতে গিয়ে আখতার ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গ তুলেছেন। আধিপত্য বিস্তার করে ফাইনাল অবধি পৌঁছলেও ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ১৩২ রানে গুটিয়ে যায় ওয়াসিম আক্রামের নেতৃত্বাধীন দল। অ্যাডাম গিলক্রিস্টের ৩৬ বলে ৫৪ রানের সৌজন্যে অস্ট্রেলিয়া মাত্র ২০.১ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে।
“এই বিশ্বকাপটি আমাদের হাতের বাইরে যাওয়া উচিত নয়। আমরা ১৯৯৯ সালের মতো খারাপ দিন চাই না। পাকিস্তান বর্তমানে যেভাবে খেলছে, এবং যেভাবে আধিপত্য দেখিয়ে জিতছে তা আমাকে আমাদের ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয়। তাই আমরা এমন কোনো দুর্ভাগ্যজনক দিন চাই না যা আমাদের বিপদে ফেলে দেবে। এবার আমাদের জিততেই হবে,” তিনি বলেছেন।
আখতার মনে করেন যে এই পাকিস্তান দলের দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি ট্রফি তোলার ভালো সুযোগ রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের একমাত্র শিরোপা জয় এসেছিল ২০০৯ সালে।
তিনি যোগ করেন, “আমি সত্যিই মনে করি দলটি সঠিক পথে এগোচ্ছে। ফাইনাল অবধি অপরাজিত থাকা উচিত। এবং আমি মনে করি পাকিস্তানের এবারের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ রয়েছে।”
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এও মনে করেন যে ইংল্যান্ড পাকিস্তানকে সমস্যায় ফেলার ক্ষমতা রাখে। সুপার ১২-এ চারটির মধ্যে চারটিতেই জিতে গ্রুপ ১-এ ইংল্যান্ড শীর্ষে আছে।
“বাকিদের চেয়ে পাকিস্তান অনেক উন্নত দল। তাদের সঠিক কম্বিনেশন রয়েছে। পেসাররা দুর্দান্ত, স্পিনাররা ভালো। একমাত্র যারা তাদের সমস্যায় ফেলতে পারে তারা হল ইংল্যান্ড। তবে সবার আগে পাকিস্তানকে সেমিফাইনালে জিতে ফাইনালে যেতে হবে এবং সেটা আমরা নিশ্চিতভাবেই করব,” আখতার উপসংহারে বলেছিলেন।