“শাকিব খেলা নিয়ে অনেক ভাবনাচিন্তা করে, গ্রেট ব্রেইন, গ্রেট নলেজ” – তারকা অলরাউন্ডারের প্রশংসা ফরচুন বরিশাল কোচের মুখে

বিপিএলের ছটি ম্যাচে ১৩৭ রান ও ১০টি উইকেট নিয়েছেন শাকিব

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

বিপিএলের প্রথম দিকে ব্যাট হাতে ছন্দে না থাকলেও বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্স করছিলেন বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার। কিন্তু শুধু বোলিং দিয়ে ফরচুন বরিশালের জন্য জয় এনে দিতে পারছিলেন না তিনি। ঢাকা থেকে চট্টগ্রামে টুর্নামেন্ট স্থানান্তরিত হতেই দ্বৈত ভূমিকায় দেখা গেল শাকিব আল হাসানকে। সেই সঙ্গে চোখে পড়ছে তাঁর অধিনায়কত্বও। বুদ্ধিদীপ্ত বোলিং পরিবর্তন করে প্রতিপক্ষকে কৌশলে মাত করছেন।

ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে লিগ শীর্ষে এখন বরিশাল। দলের এই সাফল্যে খুশি তাদের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও। তারকা অলরাউন্ডারের ক্রিকেটীয় জ্ঞান এবং নেতৃত্ব দেওয়ার গুণে মুগ্ধ হয়ে কোচ প্রশংসা করেছেন তাঁর। প্রতিভার পাশাপাশি শাকিবের ক্রিকেটীয় মেধা শাকিবকে অনন্য করে তুলেছে বলে মনে করেন সুজন। বিপিএলের আগে ছন্দে না থাকলেও এই টুর্নামেন্টে প্রত্যাবর্তন করার জন্য যেভাবে পরিকল্পনা করেছেন শাকিব, সেই নিয়ে আলোকপাত করলেন কোচ।

কেন শাকিব বাকিদের চেয়ে আলাদা, বিশ্লেষণে খালেদ মাহমুদ সুজন

সুজন বলেন, ‘”শাকিব এমন একজন খেলোয়াড় যে নিজের ক্রিকেটটা খুব ভালো বোঝে। কখনও সে অনুশীলনই করে না, যখন সে দরকার মনে করবে তখন দেড়-দুই ঘণ্টাও ব্যাটিং করেছে। এবারও চট্টগ্রামে এসে একটি গোটা দিন পুরো দেড় ঘণ্টার মতো ব্যাটিং করেছে। ব্যাটিং করে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন আমাকে এসে বলেছে – ‘আমার কিছু হিটিং দরকার, ট্রেনিং কম হয়েছে’।”

ক্রিকেট নিয়ে শাকিবের এই নিরন্তর চর্চা ও পরিণত বোধই মুগ্ধ করেছে সুজনকে। তিনি বলেন, সে খেলাটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করে। গ্রেট ব্রেইন, গ্রেট নলেজ। সে ক্রিকেটটা খুব ভালো বোঝে। ওর বোলিং নিয়ে ওর কোনো সংশয় নেই। ব্যাটিং নিয়ে মাঝেমাঝে সংশয় হয়, যখন নিয়মিত ট্রেনিংয়ে থাকে না। কিন্তু একদিন ব্যাটিং করার পরই আত্মবিশ্বাসী হয়ে ওঠে।”

ব্যাট হাতে গত দুই ম্যাচেই শাকিবকে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল। সেই সঙ্গে বল হাতে দলকে নিয়মিত উইকেট দেওয়ার পাশাপাশি মাঝের ওভারগুলিতে খুব কৃপণ বোলিং করে প্রতিপক্ষের নাভিশ্বাস বার করে দিয়েছেন। মুজিব-উর-রহমান দলে আসার পর তাঁকে নিপুণভাবে ব্যবহার করেছেন অধিনায়ক শাকিব।

শাকিবের নেতৃত্বের গুণাবলি প্রসঙ্গে সুজন বলেছেন, “তার ব্যাটিং অ্যাপ্রোচ, লিডারশিপ এসবে আমি খুবই খুশি। দলে অনেক তরুণ আছে, তাকেই বোলিং ব্যাটিং সবখানে দায়িত্ব নিতে হচ্ছে। যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, অবিশ্বাস্য। প্রত্যেক কোচ তার মত একজন অধিনায়ক চায়। দুর্দান্ত এক ক্রিকেটার, দুর্দান্ত এক ক্যাপ্টেন।”

close whatsapp