চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড সিরিজ থেকে বাদ যেতে পারেন শাহীন আফ্রিদি

বিশেষজ্ঞদের মতে শাহীনকে কম করে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে

Shaheen Shah Afridi
Shaheen Shah Afridi. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়ই শুধু এশিয়ান দলের দুর্ভাগ্যর কারণ হয়নি, তাদের তরুণ পেসার প্রতিভা শাহীন আফ্রিদি চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে গেছেন। বাঁ-হাতি পেসার রবিবার শিরোপা দখলের ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে তাঁর ডান হাঁটুতে চোট পান। আগামী মাসে শুরু হতে চলা ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই। 

অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে জাতীয় দলে ফিরে এসেছিলেন শাহীন আফ্রিদি। তার আগে বেশ কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে ছন্দ হাতড়ে বেড়ালেও, তৃতীয় ম্যাচ থেকে অনবদ্য ফর্মে বোলিং করে ১১ উইকেট নিয়েছিলেন। 

দুর্ভাগ্যবশত বাঁ-হাতি পেসার ফাইনালে ইংল্যান্ডের হ্যারি ব্রুককে আউট করার জন্য একটি দুর্দান্ত ক্যাচ সম্পূর্ণ করলেও আগের চোট আরও বাড়িয়ে তুলেছেন বলে মনে হচ্ছে। তিনি তার চার ওভারের কোটাও পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং মাঠ ছাড়ার সময় তাঁকে নিদারুণ অস্বস্তিতে দেখা গিয়েছিল। শাহীনের চোট পাকিস্তানের বোলিং শক্তি খর্ব করে দেয় এবং ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড এক ওভার হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে।

শাহীনের পরিবর্তে টেস্ট অভিষেক হতে পারে হারিস রউফের

আফ্রিদির চোট গুরুতর বলে মনে হচ্ছে কারণ ম্যাচ শেষ হওয়ার পরেও তাঁর ডান হাঁটুতে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। পাকিস্তানি স্পিডস্টার হারিস রউফ তাঁর আহত সতীর্থের জায়গায় লাল বলের ক্রিকেটে অভিষেক করবেন বলে আশা করা হচ্ছে। শাহীনের চোট সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পিসিবি তাঁর চোট মূল্যায়নের পরেই একটি আপডেট দেবে বলে মনে হচ্ছে।

এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চিফ মেডিক্যাল অফিসার ড. সোহেল সেলিম মনে করেছিলেন যে টিম ম্যানেজমেন্ট তরুণ পেসারের চোট সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষেত্রে তাড়াহুড়ো করেছিল।

“যদি এই চোট থেকে অন্য আরও চোট না হয়, তা হলে শাহীনের সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগবে। পিসিবির মেডিক্যাল বোর্ড যদি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসার সিদ্ধান্ত নেয়, তবে ছয় থেকে সাত মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে শাহীনকে। পিসিবি মেডিক্যাল প্যানেল শাহীনের চোটের চিকিৎসায় তাদের পদ্ধতিতে ভুল করেছে কিনা তা নির্ধারণের জন্য একটি তদন্ত হওয়া উচিত,” ডঃ সোহেল টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্য ডনকে বলেন।

close whatsapp