শেষ টি টোয়েন্টিতেও দীপক হুডাকে সুযোগ না দেওয়ায় হতাশ আরপি সিং
আপডেট করা - Jul 10, 2022 9:35 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে জেতার পরই সিরিজ পকেটে পুরেছে ভারত। নটিমহামে জস বাটলারদের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে নেমেছে ভারতীয় দল। সেখানেই এই ম্যাচে চারটি পরিবর্তন এনেছে ভারতীয় শিবির। কিন্তু সেই দলেই দীপক হুডাকে দেখতে না পেয়ে বেশ হতাশ হয়েছেন প্রাক্তন ভারতীয় বোলার আরপি সিং। শেষ টি টোয়েন্টিতে শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। কিন্তু আরপি সিংয়ের মতে, এই ম্যাচে দীপক হুডাকেই সুযোগ দেওয়া উচিত্ ছিল।
আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার দীপক হুডা। সেই সিরিজে সেরা ক্রিকেটারের তকমাও উঠেছিল ২৭ বর্ষীয় দীপক হুডার গায়েই। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে তাঁকে না দেখতে পাওয়াটাই হতাশা বাড়িয়েছে প্রাক্তন ভারতীয় বোলারের। তাঁর মতে দীপক হুডা এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, তাতে এই ম্যাচে শ্রেয়স আইয়ারের আগে তাঁকেই সুযোগ দেওয়া উচিত্ ছিল।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের জয়ের প্রধান কারিগড়ই ছিলেন দীপক হুডা। তাঁর ২৭ বলে ৪৯ রানের সেই ইনিংসে ভর করেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপরই দ্বিতীয় ম্যাচে ভারতের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন দীপক হুডা। এরপর সেই সিরিজের সেরার স্বীকৃতিও উঠেছিল তাঁরই মাথায়।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছিলেন দীপক হুডা
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই সেই তরুণ ক্রিকেটারকে আর সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলে। সেটাই যেন হতাশ করছে আরপি সিংকে। এই প্রসঙ্গে ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “আমার মতে যে ক্রিকেটার ভাল ফর্মে রয়েছেন তাঁকেই খেলানো উচিত্। এই মুহর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন দীপক হুডা। সম্প্রতিই বেশকিছু রানও করেছেন তিনি। কিন্তু সেই জায়গায় শ্রেয়স আইয়ারকে খেলানোটা খানিকটা হলেও আমার অবাক করেছে। আমি যদি অধিনায়ক হতাম তবে অবশ্যই দীপক হুডাকে খেলাতাম”।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও ঝোরো পারফরম্যান্স দেখা গিয়েছিল দীপক হুডার ব্যাট থেকে। ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে ভারতের বড় রানের দিকে এগনোর পথটা অনেকটাই প্রশস্ত করে দিয়েছিলেন এই ২৭ বর্ষীয় তরুণ ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁকে রাখা হয়নি। সেই জায়ায় দলে এসেছিলেন বিরাট কোহলি। যদিও সেই ম্যাচে হুডার না থাকা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ইরফান পাঠান।
এই ম্যাচে অবশ্য সিরিজ জিতে যাওয়ার ফলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেই শ্রেয়স আইয়ার এসেছেন এই দলে। কিন্তু সেই শ্রেয়স আইয়ারের জায়গাতেই দীপক হুডাকে দেখতে চেয়েছিলেন আরপি সিং। এই মুহূর্তে দীপক হুডা যে ফর্মে রয়েছেন তাতে শ্রেয়স আইয়ারের থেকে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলেই মনে করেন আরপি সিং।