রোহিত শর্মার জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Jun 29, 2022 6:42 pm

করোনায় আক্রান্ত রোহিত শর্মা। ৩০ জুনের মধ্যে করোনা ফলাফল নেগেটিভ না হলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর নামা কার্যত আশা নেই। আর সেই পরিস্তিতিতেই ভারতীয় দলে অধিনায়কত্ব কে করতে পারেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। শোনাযাচ্ছে রোহিত শর্মা কার্যত ছিটকেই গিয়েছেন ভারতীয় দল থেকে। তাঁর জায়গায় টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নেতৃ্ত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। আর সেইসঙ্গেই নতুন রেকর্ডও গড়তে চলেছেন তিনি। তবে কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসাবে ভারতীয় দলের অধিনায়ক হবেন তিনি।
এখনও সরকারী ভাবে ঘোষণা না হলেও, ইতিমধ্যেই নাকি টিম ম্যানেজমেন্ট তরফে জসপ্রীত বুমরাহকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। চেতন শর্মা ইংল্যান্ডে যাওয়ার পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকের পরই নাকি এমন সিদ্ধান্ত। অএখন শুধুই সরকারীভাবে জসপ্রীত বুমরার নাম এই টেস্টের জন্য ঘোষণা হওয়ার অপেক্ষা। রোহিত শর্মা কার্যত ছিটকেই গিয়েছেন।
২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেমেছিল ভারত। সেখানেই ইংল্যান্ডের ঘরের মাটিতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিল টিম ইন্ডিয়া। ওভাল টেস্ট জিতে রেকর্ড গড়ে ২-১-এ সেই সিরিজে এগিয়েও গিয়েছিল ভারতীয় দল। কিন্তু শেষ টেস্টে নামার আগেই ভারতীয় শিবিরে হানা দিয়েছিল করোনা। প্রথমে রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হন। এরপর শেষ টেস্টে নামার আগে ভারতীয় দলের অন্যান্য সাপোর্ট স্টাফও করোনার শিকার হয়েছিলেন।
এরপরই সেই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছিল উদ্বেগ। শেষপর্যন্ত দুই বোর্ডের দীর্ঘ আলোচনার পর সেই ম্যাচ স্থগিত করে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে সফরসূচী ঘোষণার সময়ই সেই সিরিজ নির্ণায়ক টেস্টের কথাও ঘোষণা করা হয়েছিল। আগামী ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ খেলতে নামার কথা ভারতের। গতবছর অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার অবশ্য রোহিত শর্মার নেতৃত্বেই নামার কথা ভারতীয় দলের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সহ অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরাহ
সবকিছু ঠিকঠাকই চলছিল। আইপিএলের পর সিনিয়র ক্রিকেটাররা ছুটি কাটিয়ে আগামী ১৬ জুনই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের দুই-একদিন পরই রওনা দিয়েছিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন তিনি। ব্রিটিশদের বিরুদ্ধেনামার আগে ভাল করে প্রস্তুতি দেখে নেওয়ার জন্য লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেখানে প্রথম ইনিংসে ব্যাটিংও করেছিলেন তিনি।
কিন্তু এরপরই সমস্যার শুরু। তৃতীয় দিন ব্যাটিং করতে নামেননি রোহিত শর্মা। জল্পনাটা সেই থেকেই শুরু হয়েছিল। এরপরই শোনাযায় রোহিত শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন। পাঁচদিের আইসোলেশনে রয়েছেন তিনি। আর সেই থেকেই বাড়তে শুরু করেছে চিন্তাও। তিনি যদি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠেন তবে ভারতীয় দলের নেতৃত্ব কে সামলাবেন। অনেক নামই ঘোরাফেরা করপছিল। কিন্তু এখন শোনাযাচ্ছে জসপ্রীত বুমারাকেই দেওয়া হতে চলেছে সেই দায়িত্ব।
দক্ষিণ আফ্রিকা সিরিজে যথন রোহিত শর্মা ছিটকে যান, সেই সময় লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছিল এবং একদিনের সিরিজে তাঁর সঙ্গে সহ অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ। এবার শোনাযাচ্ছে রোহিত শর্মা যদি খেলতে না পারেন সেক্ষেত্রে বুমরাকেই করা হতে পারে পারে অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের তরফে নাকি জসপ্রীত বুমরাহকে তেমনটাই জানানোও হয়ে গিয়েছে। ৩০ জুনই রোহিত শর্মার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।