ডাগআউটে সিরাজের মাথায় চাঁটি মেরে খুনসুটি রোহিতের

ভাইরাল ভিডিয়োয় চাঁটি খাওয়ার পর হতভম্ব সিরাজকে হাসতে দেখা গিয়েছে

Rohit Sharma and Mohammed Siraj
Rohit Sharma and Mohammed Siraj. (Photo Source: Twitter)

১৭ই নভেম্বর ২০২১, বৃহস্পতিবারে, ভারতীয় পুরুষদের ক্রিকেটে একটি নতুন যুগ শুরু হয়েছে। রাহুল দ্রাবিড় পূর্ণ-সময়ের জন্য প্রধান কোচের দায়িত্ব নেওয়ার সাথে সাথে রোহিত শর্মা স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব নিয়েছেন এবং তাঁদের শুরুটা ভালোই হয়েছে। জয়পুরে ভারত প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। এরই মধ্যে মাথায় চাঁটি মারার একটি মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের আলোচনায় উঠে এসেছে। 

ভারত রান তাড়া করার সময়, ডাগআউটে এমন একটি মুহূর্ত ক্যামেরা বন্দী হয়েছে যা অত্যন্ত মজার। সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের আপলোড করা একটি ভিডিওতে, ম্যাচ চলাকালীন ডাগআউটে রোহিতকে মজা করে মহম্মদ সিরাজের মাথায় চাঁটি মারতে দেখা গেছে। নতুন টি-টোয়েন্টি সহ-অধিনায়ক কেএল রাহুল তখন রোহিতের পাশে বসে সেই মজার ঘটনার সাক্ষী হচ্ছেন। 

মজা করে রোহিত শর্মা মহম্মদ সিরাজের মাথায় চাঁটি মারলেন 

টুইটারে দেখা যাওয়া ভিডিওতে প্রধান কোচ দ্রাবিড়কে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে বসে কথা বলতে দেখা গেছে। দুজনের ঠিক পিছনে সিরাজ এবং রাহুল পাশাপাশি বসে ছিলেন এবং তাঁদের পিছনে ছিলেন রোহিত। তিনজন খেলোয়াড় অন্য দিকে তাকিয়ে ছিলেন। হঠাৎই রোহিত সিরাজের দিকে ফিরে হালকা মেজাজে পেসারের মাথায় চাঁটি মারেন। ভিডিও ক্লিপটি দেখে অনুমান করা যায় পুরো কাজটিই ইয়ার্কি করার উদ্দেশ্যেই করা এবং গুরুতর কিছু ছিল না। সিরাজকেও হাসতে দেখা গেছে।

ম্যাচ প্রসঙ্গে, সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা ব্ল্যাকক্যাপরা প্রথমে ব্যাট করেছিল। মার্টিন গাপটিল ৪২ বলে ৭০ রান এবং মার্ক চ্যাপম্যান ৫০ বলে ৬৩ রান করেন। তাঁদের অবদানে নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৪ রানে পৌঁছয়। 

বেশ কিছুদিন পর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সিরাজ একটি উইকেট নিয়েছিলেন কিন্তু বল হাতে ব্যয়বহুল ছিলেন, তাঁর চার ওভার থেকে ৩৯ রান উঠেছিল। রাহুল এবং রোহিত আবারও ভারতকে দুরন্ত শুরু এনে দেন, যদিও রাহুল ১৪ বলে ১৫ রান করে আউট হয়ে যান। রান তাড়া করতে গিয়ে রোহিত ৩৬ বলে ৪৮ রান করেন। সূর্যকুমার যাদবের ৪০ বলে ৬২ রানের ইনিংসটি। সেই ইনিংসের সৌজন্যেই ভারত দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। ভারত ও নিউজিল্যান্ড ১৯শে নভেম্বর রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।