সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে ১৭,০০০ আন্তর্জাতিক রানের সীমা অতিক্রম করলেন রোহিত শর্মা

চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানে আউট হন রোহিত

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: BCCI)

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১১ই মার্চ, শনিবার, আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করে একটি নতুন মাইলফলক অর্জন করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে ১৭,০০০ আন্তর্জাতিক রানের ল্যান্ডমার্কে পৌঁছনো সপ্তম ভারতীয় ব্যাটার হয়েছেন রোহিত। ম্যাচের শুরুতে এই মাইলফলকে পৌঁছনোর জন্য রোহিতের ২১ রান প্রয়োজন ছিল।

দিনের শুরুতে অস্ট্রেলিয়ান আক্রমণের সামনে রোহিত শর্মা দ্রুত গতিতে শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শর্ট-বল স্ট্র্যাটেজি গ্রহণ করায় মিচেল স্টার্কের একের পর এক শর্ট-পিচড ডেলিভারি মোকাবিলা করতে হয়েছিল রোহিতকে। তবে ওপেনার বাউন্সারের যোগ্য জবাব দিয়ে আগ্রাসী শট খেলতে থাকেন। বাঁ-হাতি পেসারের বিরুদ্ধে রোহিত এমনকী ফাইন-লেগে বিশাল ছক্কাও হাঁকান।

যদিও ভালো শুরুকে কাজে লাগাতে পারেননি রোহিত। প্রথম ঘণ্টাতেই ৩৫ রানে আউট হয়ে যান রোহিত। ম্যাথিউ কুহ্‌নেমানের একটি ফুল লেংথ ডেলিভারি পিচে থমকে আসায় একটু আগে শট মেরে দেন রোহিত এবং বলটি সরাসরি শর্ট কভারে ফিল্ডিং করা মার্নাস ল্যাবুশেনের হাতে পৌঁছে যায়। আহমেদাবাদের সমতল পিচে বড় স্কোর করার একটি ভালো সুযোগ হাতছাড়া হওয়ায় অধিনায়ক স্বাভাবিকভাবেই হতাশ হন।

১৭,০০০ আন্তর্জাতিক রান অতিক্রম করার পরে সচিন তেন্ডুলকার ও বিরাট কোহলিসহ ভারতীয় ব্যাটারদের একটি অভিজাত তালিকায় যোগ দিয়েছেন রোহিত। সপ্তম ভারতীয় হিসেবে এই ল্যান্ডমার্ক অতিক্রম করলেও, শুধু ভারতের হয়ে রান করার ক্ষেত্রে ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ড অতিক্রম করেছেন রোহিত। বীরেন্দর সেহওয়াগ আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,২৫৩ রান করেছেন, যার মধ্যে ভারতের হয়ে ১৬,৮৯২ রান করেছেন। তাঁর বাকি রান এসেছে আইসিসি ও এশিয়ার নির্বাচিত দলের হয়ে।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের সর্বাধিক রান

সচিন তেন্ডুলকার – ৩৪,৩৫৭ রান

বিরাট কোহলি – ২৫,০৪৭ রান

রাহুল দ্রাবিড় – ২৪,০৬৪ রান

সৌরভ গাঙ্গুলী – ১৮,৪৩৩ রান

বীরেন্দর সেহওয়াগ – ১৭,২৫৩ রান

এমএস ধোনি – ১৭,০৯২ রান

রোহিত শর্মা – ১৭,০১৪ রান

রোহিত শর্মার রানের সিংহভাগই এসেছে ওয়ানডে ফর্ম্যাটে। ডান-হাতি ওপেনার ২৪১ ওডিআইতে ৯৭৮২ রান করেছেন। ১৪৮ টি-টোয়েন্টি খেলে ৩৮৫৩ রান করেছেন এবং ৪৯ টেস্টে (আহমদাবাদ টেস্ট ধরে) ৩৩৭৯ রান করেছেন। ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরির পাশাপাশি, টেস্টে ৯টি এবং টি-টোয়েন্টিতে ৪টি সেঞ্চুরি করেছেন রোহিত।

close whatsapp