ভারতের হয়ে সেরা ফিনিশার হয়ে উঠতে চান রিয়ান পরাগ

Riyan Parag
Riyan Parag. (Photo Source: Twitter)

এবারের আইপিএলে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার মতো। সামনেই রয়েছে বিশ্বকাপ। সেজন্য সকলেই তাকিয়ে রয়েছেন তরুণ ক্রিকেটারদের দিকেই। আর এমনই একজন তরুণ ক্রিকেটারের নাম হল রিয়ান পরাগ। এখনও পর্যন্ত এবারের আইপিএলে সেভাবে নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারেননি তিনি। যদিও সময় এখনও বাকি রয়েছে। কিন্তু আইপিএলের মঞ্চ থেকেই বিরাট বার্তা অসমের এই ক্রিকেটারের। রাজস্থান নয় ভারতের জন্যও সেরা ফিনিশার হয়ে উঠতে পারেন তিনি। জানিয়েছেন রিয়ান পরাগ।

২০২০ সালে মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট রয়েছে একজন যোগ্য ফিনিশারের খোঁজে। মাঝে প্রা দু বছর কেটে গিয়েছে, কিন্তু ফিনিশার মহেন্দ্র সিং ধোনির অভাব এখনও পর্যন্ত পূরণ হয়নি। ভারতীয় দল এখনও পর্যন্ত সেই পরীক্ষা নীরিক্ষা চালিয়ে যাচ্ছে। কিন্তু কে হবে ভারতীয় দলের ফিনিশার তা এখনও বুঝে উঠতে পারছেন না তারা। নানান হিসাব নিকাশ এখন চলছে ভারতীয় দলের অন্দরে।

যদিও হার্দিক পান্ডিয়া বেশ কয়েকদিন সেই ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তাঁর কোমড়ে চোট পাওয়ার পর থেকেই সেই চিত্রটাও বদলে গিয়েছিল। ব্যাট হাতে ক্রমাগতই ব্যর্থ হতে হচ্ছিল তাঁকে। এমনকী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপরই ভারতীয় দলের থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন হার্দিক। এখনও পর্যন্ত ভারতীয় দলে ফেরেননি তিনি।

ভারতীয় দলের হয়ে সেরা ফিনিশার হয়ে উঠতে চান তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ

এছাড়াও আরও কয়েকজনকে নিয়ে ভারতীয় দল এখনও পরীক্ষা নীরিক্ষা চালাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থদের মতো ক্রিকেটারদের নাম। এমন পরিস্থিতিতেই এক বিরাট মন্তব্য রাজস্থান রয়্যালসের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগের। রাজস্থান রয়্যালস তো বটেই ভবিষ্যতে ভারতীয় দলের সেরা ফিনিশার হয়ে উঠতে পারবেন তিনি।

তিনি জানিয়েছেন, “আমি নিজেকে নিয়ে কোনওরকম প্রশংসা করতে চাই না। তবে এটুকু বলতে পারি আমি সেরা ফিনিশার হয়ে উঠতে পারি। শুধু রাজস্থান রয়্যালসের জন্য নয়, ভারতীয় দলের হয়েও সেরা অলরাউন্ডার হয়ে উঠতে পারি আমি।  আমার সেই দক্ষতা রয়েছে। আমি ব্যাট হাতে যেমন সাবলীল তেমনই বল হাতেও যথেষ্ট সাবলীল। এছাড়া ফিল্ডিংয়েও আমার যথেষ্ট দক্ষতা রয়েছে।  আর সেজন্যই অবশ্য আমাকে অনবেক পরিশ্রম করতে হবে, সেইসঙ্গে নিজের ধারাবাহিকও হতে হবে। আমি বিশ্বাস করি যে আমি একদিন সেরা ফিনিশার হয়ে উঠতে পারব”।

গত দুই মরসুম ধরে অসম ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া আইপিএলেও ৩৪ ম্যাচে তাঁর রান রয়েছে ৩৪৬। যদিও বল হাতে বিশেষ উইকেট নেই রিয়ান পরাগের ঝুলিতে। তিনি পেয়েছেন ৩ টি উইকেট। এখন এই তরুণ ক্রিকেটার নিজের লক্ষ্যপূরণ করতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp