“ঋষভকে তাঁর মতো খেলতে দেওয়া হোক” টেস্ট ক্রিকেটে তাঁকেই সেরা ম্যাচ উইনার বললেন সেওয়াগ
আপডেট করা - Jan 13, 2022 6:42 pm

ঋষভ পন্থের খেলার টেকনিক, তাঁর শট নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান কথাবার্তা চলছে। তারই মাঝে এই তরুণ ভারতীয় ক্রিকেটারের হয়ে স্ট্রেট ব্যাটে খেললেন বীরেন্দ্র সেওয়াগ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রান পেলেন ঋষভ পন্থ। কেপটাউনে দলের খারাপ অবস্থায় তাঁর গুরুত্বপূর্ণ অর্ধশতরান এখন অক্সিজেন যোগাচ্ছে ভারতীয় শিবিরকে। আর তারপরই ঋষভ পন্থের প্রশংসা করে টুইট সেওয়াগের। তাঁকে তার মতো করেই খেলতে দেওয়া উচিত, সেওয়াগের মতে ঋষভ অন্যতম সেরা ম্যাচ উইনার।
একদিন, টি টোয়েন্টি হোক কিংবা টেস্ট ক্রিকেট, ঋষভ পন্থ সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসেন। দিল্লির এই ব্যাটসম্যানের হাত থেকেই টেস্টের মঞ্চেও সবসময়ই চার, ছক্কা ঝলকই বেশী দেখা যায়। সেঞ্চুরিয়ন, ওয়ান্ডারার্সে না পারলেও কেপটাউনে ভারতের দ্বিতীয় ইনিংসেই ঘুরে দাঁড়িয়েছেন ঋষভ পন্থ। একমাত্র শতরানটা আসে তাঁর ব্যাট থেকেই। আর তাঁর ব্যাট থেকে এই সাফল্য দেখেই আপ্লুত সেওয়াগ। প্রয়োজনের সময় ভারতীয় দলের ত্রাতা নাকি এই ঋষভ পন্থ। তাই তাঁকে অন্যতম সেরা ম্যাচ উইনার বলতেও দ্বিধা করলেন না তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের আগেই ওভার বাউন্ডারি মেরে এই সিরিজে নিজের প্রথম অর্ধশতরান করে ফেলেছিলেন ঋষভ পন্থ। এরপরই তাঁর প্রশংসায় টুইট বীরেন্দ্র সেওয়াগের। সেখানে তিনি লেখেন, “ঋষভকে ওঁর নিজের মতো খেলতে দেওয়া হোক। বিশ্ব টেস্ট ক্রিকেটের অন্যতম ম্যাচ উইনার ঋষভ পন্থ”। যদিও এদিনই সিরিজের প্রথম শতরানটাও করেন ঋষভ পন্থ। টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরির মালিক হন তিনি।
ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় ইনিংসে মাথা গরম করে রাবাডার বল সাজঘরে ফিরেছিলেন ঋষভ পন্থ। কেপটাউনেও ফের ভুল শট নির্বাচন করে আউট হয়ছিলেন তিনি। এরপরই প্রাক্তন ক্রিকেটাররা তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তাঁর শট নির্বাচন নিয়েও কতম সমালোচনা শুরু হয়নি। এই সময় সেওয়াগের বার্তা খানিকটা হলেও স্বস্তি জোগাবে ঋষভ পন্থকে।
প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে চাপের মুহূর্তে বিরাট কোহলির সঙ্গে সেই সময়ে প্রয়োজনীয় পার্টনারশিপটা গড়েছিলেন তিনিই। কঠিন পরিস্থিতিতে অর্ধশতরান এসেছে ঋষভের ব্যাটিং থেকে। বিরাট রোহলির সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। এসব দেখেই তরুণ ভারতীয় ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সেওয়াগ। তাকে ম্যাচ উইনার বলতেও পিছপা হননি সেওয়াগ।
বিদেশের মাটিতে ঋষভের অবশ্য এমন ইনিংস এটাই প্রথম নয়। এর আগে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। গাব্বাতেও ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। চাপের মুহূর্তে একাধিকবার যে ভারতকে খাদের কিনারা থেকে তিনি টেনে তুলেছেন এমন প্রমান বহু রয়েছে। তাই সকলে সমালোচনা করলেও, প্রাক্তন ভারতীয় দলের ওপেনারকে নিজের পাশেই পাচ্ছেন ঋষভ পন্থ।