ওয়ান্ডারার্সে কি স্পিনহীন ভারত! প্রাক্তন ক্রিকেটারের প্রস্তাব এমনই
অশ্বিন ও শার্দূলকে না খেলিয়ে পরিবর্ত হিসেবে বিহারী ও উমেশকে চান তিনি
আপডেট করা - Jan 3, 2022 11:45 am

আকাশ চোপড়া মনে করেন, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য টিম ইন্ডিয়ার বিশেষজ্ঞ স্পিনারের প্রয়োজন হবে না। তিনি মনে করেন বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের কেবল চার পেসার খেলিয়ে পুরোদস্তুর সিম আক্রমণের সঙ্গে নামা উচিত এবং এখানে স্পিনহীন আক্রমণ খেলালে ভারতের খুব ক্ষতি হবে না।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মাঠে নামিয়েছে ভারত। তিনি ছাড়াও তাদের আক্রমণে তিনজন ফ্রন্টলাইন পেসার এবং একজন সীম-বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দূল ঠাকুর ছিলেন।
স্পিনহীন আক্রমণের পুরোধা হোক চারজন প্রকৃত পেসার, উপদেশ দিয়েছেন আকাশ চোপড়া
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে আকাশ চোপড়া মতামত দিয়েছেন যে টিম ইন্ডিয়া দ্রুত এবং বাউন্সি ওয়ান্ডারার্স পিচে একজন বিশেষজ্ঞ স্পিনার ছাড়া নামলেই সেটি সঠিক সিদ্ধান্ত হবে। তিনি ব্যাখ্যা করেছেন, “এই পিচটিকে বিশ্বের দ্রুততম পিচগুলির মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। ভারতের কি একাদশে পরিবর্তন করা উচিত? আমি বলব আপনাকে একটু বাস্তববাদী হতে হবে। আপনি এখনও পর্যন্ত পাঁচ-বোলার তত্ত্ব নিয়ে চলছিলেন। তবে এই তত্ত্বটিকে এখনই বর্জন করতে পারেন কারণ আপনার এখানে স্পিনের প্রয়োজন নাও হতে পারে।”
ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া আকাশ মনে করেন যে এই ম্যাচে সফরকারীদের পাঁচ বোলারের তত্ত্বটি ছেড়ে দেওয়া উচিত। চোপড়া যুক্তি দিয়েছেন, “আপনার এখানে পাঁচজন বোলারের প্রয়োজন নাও হতে পারে কারণ প্রতিপক্ষের ব্যাটিং তেমন দুর্দান্ত নয় এবং আপনার ব্যাটিংও তেমন ভালো হচ্ছে না। আপনার প্রতিপক্ষ দলকে আউট করার জন্য আপনার পাঁচজন বোলারের প্রয়োজন নেই এবং আপনার অতিরিক্ত ব্যাটার প্রয়োজন হতে পারে কারণ গত ছয় মাসে ৩ নম্বর থেকে ৬ নম্বরের ব্যাটাররা খুব বেশি রান করেনি।”
জোহানেসবার্গে অতিরিক্ত ব্যাটার খেলানো প্রয়োজন, মত আকাশের
আকাশ চোপড়া এখনই অফ ফর্মে থাকা পূজারা ও রাহানেকে বাদ দেওয়ার পক্ষপাতী নন। কারণ হিসেবে তিনি বলেন, “আমি বলছি ছয় ব্যাটার খেলান। আপনি পূজারা ও রাহানেকে খেলতে পারেন, তাদের খেলানো উচিত। গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্ত ৩৪ রান করেছিলেন, তবে ব্যাটিংয়ে প্রায়শই ধস নামছে।”
৪৪ বছর বয়সী প্রাক্তন টেস্ট ওপেনার মনে করেন হনুমা বিহারীকে অতিরিক্ত ব্যাটার হিসাবে খেলালে ভারতের বোলিং বিকল্পও বাড়বে এবং তিনি অশ্বিনের সম্ভাব্য অনুপস্থিতির ঘাটতি মেটাতে পারবেন। চোপড়া বিস্তারিত বলেছেন, “অশ্বিন শেষে দুটি উইকেট তুলেছিলেন কিন্তু তিনি কোনো টপ অর্ডার ব্যাটারকে আউট করেননি। এই ওয়ান্ডারার্স পিচে আপনার যে পরিমাণ বোলিং দরকার, সেটি হনুমা বিহারীও করে দেবে। এখানে অতিরিক্ত ব্যাটার খেলাতে হবে।”
আকাশ চোপড়া এই বলে শেষ করেছেন যে টিম ইন্ডিয়া এমন পরিস্থিতিতে চতুর্থ পেসার হিসাবে শার্দূল ঠাকুরের পরিবর্তে উমেশ যাদবকে মাঠে নামাতে পারে। তিনি উপসংহারে বলেছেন, “প্রকৃত চার বোলার নিয়ে নামুন। শার্দুলকে খেলানোর দরকার নেই, আপনি তাকে খেলবেন যখন আপনার একজন অলরাউন্ডার দরকার। কিন্তু আপনি যদি বিহারীকে খেলান এবং পান্তকে ৭ নম্বরে রাখেন, তাহলে আপনার চারজন প্রকৃত বোলারের জন্য জায়গা থাকবে। চতুর্থ পেসার হিসেবে আমার পছন্দের নাম উমেশ যাদব।”