যশ দয়ালকে আবেগঘন বার্তা পাঠালেন গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের নায়ক রিঙ্কু সিং

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ নিজেদের তৃতীয় ম্যাচে গত মরসুমের শিরোপা জয়ী দল গুজরাট টাইটান্সকে (জিটি) ৩ উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই জয়ের পিছনে যে খেলোয়াড়ের সবথেকে বড় অবদান ছিল তিনি হলেন রিঙ্কু সিং। শেষ ওভারের পাঁচ বলে পাঁচটি ছয় মেরে কেকেআরকে এক অবিশ্বাস্য জয় এনে দেন এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। তিনি মাত্র ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

জিটির হয়ে শেষ ওভারটি করেছিলেন যশ দয়াল। শেষ ওভারে কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান। প্ৰথম বলে এক রান নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। তারপরেই পরপর ৫টি ছয় মেরে জিটির মুখের সামনে দিয়ে জয় ছিনিয়ে নেন রিঙ্কু। তবে এক ওভারে পাঁচটি ছয় খাওয়া যেকোনো বোলারের জন্যই হতাশাজনক। বিশেষ করে যখন সেই ছয়গুলির কারণে দল ম্যাচ হেরে যায়।

জিটি বনাম কেকেআর ম্যাচের নায়ক রিঙ্কু সিং প্রতিপক্ষের বোলারের এই খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। তিনি যশ দয়ালকে একটি আবেগঘন বার্তা পাঠিয়ে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন।

ইন্ডিয়া টুডে রিঙ্কু সিংকে উদ্ধৃত করে, “আমি খেলার পরে যশকে টেক্সট করেছিলাম, আমি বলেছিলাম যে এটা ক্রিকেটে ঘটে। তুমি গত বছর সত্যিই ভালো প্রদর্শন করেছিলে। আমি তাকে একটু অনুপ্রাণিত করার চেষ্টা করেছি।”

নীতিশ রানা তার পাশে দাঁড়িয়েছিলেন বলে জানালেন রিঙ্কু সিং

রিঙ্কু সিং প্ৰথম ১৪ বলে মাত্র ৮ রান করেছিলেন। কিন্তু তারপরে বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে তিনি নিজের স্ট্রাইক রেট ২০০-এর উপরে নিয়ে যান। তিনি শেষ ৭ বলে যথাক্রমে ৬, ৪, ৬, ৬, ৬, ৬, ৬ মারার মাধ্যমে ৪০ রান করেন। রিঙ্কু জানিয়েছেন যে তাদের দলের নতুন অধিনায়ক নীতিশ রানা তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে শেষ পর্যন্ত খেলতে বলেছিলেন।

নীতিশ রানা রিঙ্কু সিংকে পরামর্শ দেন, “‘বিলিফ রাখিও, আখরি তক খেলিও’ (বিশ্বাস রেখো, শেষ অবধি খেলো)।”

গুজরাট টাইটান্সকে পরাজিত করার মাধ্যমে এই আইপিএলে দ্বিতীয় জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের হাত ধরে তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। তিন ম্যাচের শেষে কেকেআরের নেট রান রেট হল +১.৩৭৫।

close whatsapp