নিজের ক্ষমতার প্রতি আস্থার কারণেই রিঙ্কু শেষ বলের সম্মুখীন হতে চেয়েছিল, মত কাইফের
১০ বলে অপরাজিত ২১ রান করে ম্যাচ শেষ করে এসেছিলেন রিঙ্কু
আপডেট করা - May 9, 2023 3:03 pm

পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে ম্যাচের সময়ে চূড়ান্ত বলে জয় এনে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ব্যাটার রিঙ্কু সিংয়ের ব্যাপক প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। টানটান উত্তেজক ম্যাচে রিঙ্কু শেষ বলে ফাইন লেগ দিয়ে একটি বাউন্ডারি মেরে ইডেন গার্ডেন্সে কেকেআরকে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করতে সাহায্য করেছেন।
শেষ ওভারে আর্শদীপ সিং যখন বল হাতে এসেছিলেন, তখন কেকেআরের প্রয়োজন ছিল ছয় রান। প্রথম চার ডেলিভারিতে চার রান হওয়ার পরে আর্শদীপ পঞ্চম বলে একটি ইয়র্কার করেছিলেন, যা রাসেল ব্যাটে লাগাতে পারেননি।
রিঙ্কু সেই সময়ে উপস্থিত বুদ্ধি দেখিয়ে দ্রুত এক রান বাইয়ের মাধ্যমে যোগ করতে চেয়েছিলেন। তবে রাসেল সময় মতো নন-স্ট্রাইকিং প্রান্তে পৌঁছতে না পারায় রান আউট হয়ে যান। শেষ বলে বাঁ-হাতি ব্যাটার বাউন্ডারি মেরে পাঞ্জাবের জয়ের আশায় জল ঢেলে দেন। কুড়িতম ওভারে রিঙ্কু যে দৃঢ়তা দেখিয়েছিলেন এবং নিজে শেষ বলের সম্মুখীন হতে চাওয়ায় যে সাহসিকতা দেখিয়েছেন, তাতে প্রাক্তন ক্রিকেটার কাইফ মুগ্ধ হয়েছেন।
“ডেলিভারির পঞ্চম বলে রাসেলের মতো একজন খেলোয়াড়কে স্ট্রাইক রোটেট করতে বলার জন্য রিঙ্কুকে কৃতিত্ব দিতে হয়। রিঙ্কু সিংয়ের মতো একজন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রাসেলের মতো ফিনিশারকে নন-স্ট্রাইকার প্রান্তে আসতে বলায় এই খেলোয়াড়ের তার নিজের খেলার প্রতি আস্থা প্রকাশ করছে। আমার কাছে এটাই আইপিএলের গল্প,” কাইফ স্টার স্পোর্টসে বলেছেন।
রাসেলের ফর্ম ফিরে পাওয়া কেকেআরের জন্য বড় ব্যাপার: হরভজন সিং
১৮০ রান তাড়া করার সময়ে অধিনায়ক নীতীশ রানা একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ৩৮ বলে ৫১ রান করেছিলেন ছয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে। রাসেলের ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও তিনি পাঞ্জাবের বিরুদ্ধে ২৩ বলে ৪২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেছিলেন যার মধ্যে তিনটি ছক্কা ও তিনটি চার ছিল। একই চ্যানেলে হরভজন উল্লেখ করেছেন যে মরসুমের শেষের দিকে রাসেল ফর্মে ফিরে আসায় কেকেআর আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
স্টার স্পোর্টসে হরভজন বলেছেন, “পিবিকেএসের বিপক্ষে জয় কেকেআরকে অনেক আত্মবিশ্বাস দেবে। তাদের তারকা খেলোয়াড়, আন্দ্রে রাসেল ও রিংকু সিং, তাদের হয়ে খেলা শেষ করেছে। রাসেলের ফর্ম ফিরে পাওয়া তাদের জন্য বড় ব্যাপার।”