ফর্মে থাকা জাদেজা সহ টপ অর্ডারকে হারিয়ে অস্বস্তিতে ভারত
আপডেট করা - Mar 2, 2023 6:59 pm

প্রথম দুই টেস্টে জয়লাভ করলেও তৃতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ভারত। পেসারদের বিরুদ্ধে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা বেশ ভালো করলেও স্পিনার আসতেই একের পর এক উইকেট পড়তে থাকে। ইনফর্ম জাদেজাও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। অভিজ্ঞ অস্ট্রেলীয় স্পিনার নাথান লিয়নের শিকার হন তিনি।
ইন্দোরের পিচে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে সেটা দুই দলই জানতো। ভারতীয় দল দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে স্পিনের জালে জড়াতে গিয়ে তাতে নিজেরাই জড়িয়ে পড়েছে। বল ঘোরার সাথে সাথে নিচু থাকায় স্পিনাররা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এই পিচে। ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শুভমন গিল এবং চেতেশ্বর পূজারা কেউই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। শুভমন গিল ১৮ বলে ২১ রান করে শুরুটা ভালো করলেও সেটিকে বড়ো রানের ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। পরবর্তী ব্যাটসম্যানরাও রান বানাতে ব্যর্থ হয়েছেন। শুরুতে পরপর উইকেট হারালেও ইনফর্ম ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজার প্রতি সকলে ভরসা রেখেছিলেন। ইন্দোরের দর্শকরা বেশ উৎফুল্লতার সাথে জাদেজাকে ক্রিজে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা থেকে ভারতীয় দলকে জাদেজাও বাঁচাতে পারলেন না।
ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়াস-শ্রীকাররাও
শুরুতেই নাথান লিয়নের বলে বিপদে পড়েন জাদেজা। লিয়নের বলে এলবিডব্লিউর হাত থেকে রিভিউ নিয়ে রক্ষা পান জাদেজা। কিন্তু শেষমেশ সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না তিনি। নাথান লিয়নের পরের বলেই কুহনিম্যানের হাতে ক্যাচ দিয়ে তিনি নিজের উইকেট হারান। শ্রেয়াস, শ্রীকাররাও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। যার ফলে লাঞ্চের আগে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে ভারত।
এই মুহূর্তে অস্ট্রেলীয় স্পিনাররা খেলাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছেন। টপ অর্ডার রীতিমতো হিমশিম খেয়েছে অস্ট্রেলীয় স্পিনারদের সামলাতে গিয়ে। তাই টেলেন্ডাররা কতদূর কি করতে পারবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। প্রথম দুই টেস্ট বেশ ভালোভাবে জিতলেও ভারতের এই ব্যাটিং বিপর্যয় খুব একটা ভালো সংকেত নয়। ভারতের স্পিনারদের উপর এই ম্যাচে অনেকটা দায়িত্ব থাকবে তা অস্ট্রেলীয় স্পিনারদের বোলিংয়ের পরে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং অশ্বিন, জাদেজা এবং অক্ষরদের বোলিংয়ের উপর ম্যাচের গতিপ্রকৃতি নির্ভর করছে। অন্যদিকে এই খারাপ ব্যাটিং প্রদর্শনের পর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানরা কামব্যাক করতে পারবে কিনা এখন সেটাই প্রশ্ন।