অ্যাডিলেড স্ট্রাইকার্স ছাড়লেন রশিদ খান, এখন থেকে করবেন অন্য দলের অধিনায়কত্ব

ছয় বছর ধরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের অংশ রশিদ

Rashid Khan
Rashid Khan. (Photo by Sarah Reed/Getty Images)

চলমান বিগ ব্যাশ লিগে (BBL) হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে সাত উইকেটের ব্যাপক জয়ের পরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের তারকা স্পিনার রশিদ খান SA20 লিগের উদ্বোধনী মরসুমের জন্য এমআই কেপ টাউনে যোগ দিতে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে মাঝপথেই সরে দাঁড়ালেন।

আফগান তারকাকে প্রথম মরসুমে নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে দেখা যাবে। কেপ টাউন-ভিত্তিক দলটি ১০ই ​​জানুয়ারি মঙ্গলবার মরসুমের প্রথম ম্যাচে পার্ল রয়্যালসের মুখোমুখি হবে। ২৪ বছর বয়সী স্পিনার গত ছয় মরসুমে ধরে অ্যাডিলেড ফ্র্যাঞ্চাইজির একটি অবিচ্ছেদ্য অংশ এবং দেশ ছাড়ার আগে তাঁর অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে অ্যাডিলেডের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পরবর্তী মরসুমেও তাঁর সম্পর্ক অব্যাহত থাকবে কারণ তিনি নিজেকে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যেতে দেখছেন না। অ্যাডিলেড শহরের প্রতিও তাঁর ভালবাসা প্রকাশ করেছেন রশিদ এবং গভীর রাত পর্যন্ত অটোগ্রাফ স্বাক্ষর করতে দেখা গেছে তাঁকে।

“আমি অবশ্যই পরের মরসুমে এই দলে ফিরব; আমি নিজেকে অন্য কোনো দলের সঙ্গে দেখছি না। যতদিন আমি বিগ ব্যাশে আসব, ততদিন স্ট্রাইকার্সই আমার প্রথম পছন্দ হবে। স্ট্রাইকার্সের সঙ্গে না থাকলে আমি মনে করি না যে আমি এখানে এসে খেলব। আমি এই শহরকে ভালোবাসি, আমি এই ফ্র্যাঞ্চাইজিকে ভালোবাসি, এবং আমি এই ভক্তদের ভালোবাসি,” রশিদ এনসিএ নিউজওয়্যারকে বলেছেন।

আমার মনে হয়েছিল, হ্যাঁ, এটি আমার বাড়ি: রশিদ খান

যদিও রশিদ পরের মরসুমে স্ট্রাইকার্সে যোগদানের জন্য চুক্তিবদ্ধ হননি, তবে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ড্রাফটে ধরে রাখতে পারে যেমনটা তারা চলমান মরসুমের আগে করেছিল। আফগান স্পিনার উল্লেখ করেছেন যে তিনি ফিরতে প্রস্তুত এবং অ্যাডিলেড শহরের প্রতি তাঁর ভালোবাসার কথা জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একটি উদাহরণ উদ্ধৃত করেছেন।

“এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপেও এখানে আমার জন্য উল্লাস ছিল, এবং আমার মনে হয়েছিল, হ্যাঁ, এটি আমার বাড়ি। আমি এখানে ভালোবাসা পেয়ে অনেক ধন্য এবং আনন্দিত… এই কারণেই অন্য কোথাও যেতে চাই না,” যোগ করেছেন রশিদ।

এদিকে, টেস্ট ক্রিকেটার অ্যালেক্স ক্যারি ও ট্র্যাভিস হেড সোমবার, ৯ই জানুয়ারি স্ট্রাইকার্স স্কোয়াডে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন।

close whatsapp