জাতীয় দলে ডাক না পেয়ে হতাশ রাহুল তেওয়াটিয়া
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তেওয়াটিয়াকে জাতীয় দলে ডাকার সম্ভাবনা ছিল
আপডেট করা - Jun 16, 2022 10:57 am

অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া বৃহস্পতিবার দিনের শুরুতেই টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা হওয়ার পরেই তাঁর এই টুইট। সরাসরি উল্লেখ না করলেও অনুমান করতে অসুবধা হয় না ভারতীয় দলে উপেক্ষিত হওয়ার কারণেই তাঁর এই প্রতিক্রিয়া।
পরপর বেশ কয়েকটি আইপিএলে তেওয়াটিয়া ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। সদ্য সমাপ্ত আইপিএল ২০২২-এ তাঁর খেলাকে একটি নতুন স্তরে পৌঁছে গিয়েছিল। শিরোপাজয়ী টাইটান্সের হয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ জিতিয়েছেন তিনি।
বুধবার বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় স্কোয়াড ঘোষণা করার পরে, ২৯ বছর বয়সী তাঁর হতাশা প্রকাশ করে টুইটারে লেখেন, “প্রত্যাশা কষ্ট দেয়।” তাঁর এই টুইট ইঙ্গিত দেয় যে তিনি প্রত্যাশা করেছিলেন আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় স্কোয়াডে স্থান পাবেন। তেওয়াটিয়া গুজরাতের হয়ে এই মরসুমে ১৬ ম্যাচ খেলে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ২১৭ রান সংগ্রহ করেছিলেন।
দেখুন সেই টুইট
Expectations hurts 😒😒
— Rahul Tewatia (@rahultewatia02) June 15, 2022
রাহুল তেওয়াটিয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছিলেন গুজরাত টাইটান্সকে
পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে বাঁ-হাতি ব্যাটার তাঁর সেরা ফর্মে ছিলেন যখন তিনি ওডিয়ান স্মিথের বিপক্ষে শেষ দুটি ডেলিভারিতে দুটি ছয় মেরে ১২ রান তাড়া করেছিলেন। রাহুল তেওয়াটিয়া সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে একই ধরনের পারফরম্যান্স করেছিলেন। সেই ম্যাচে তিনি এবং রশিদ খান শেষ দুই ওভারে ৩৩ রান করে টাইটান্সকে জেতান।
অলরাউন্ডার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। শেষ ছয় ওভারে যখন ৭১ রান প্রয়োজন তখন ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে মাত্র ২৫ বলে ৪৩ রান করে তেওয়াটিয়া দলকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এনে দেন এবং ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
অনেক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিতে, হার্দিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি ম্যাচের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। এর আগে, কুঁচকির চোটের কারণে কেএল রাহুল বাদ পড়ার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান সিরিজে তাঁকে সহ-অধিনায়কের পদে উন্নীত করা হয়েছিল।
এসআরএইচ ব্যাটার রাহুল ত্রিপাঠীকে প্রথমবার জাতীয় দলে ডাকা হয়েছে এবং সঞ্জু স্যামসন দলে ফিরেছেন। ডাবলিনে ২৬ ও ২৮ জুন দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।