দোসর চোট, তবে রহস্যময় বরুণই এখন কলকাতা তথা ভারতের তুরুপের তাস

Varun Chakaravarthy
Varun Chakaravarthy. (Photo Source: IPL/BCCI)

ছিলেন আর্কিটেক্ট, কিন্তু মননে ছিলো ক্রিকেট। আর সেই ক্রিকেটই তাঁকে বিশ্ব ক্রিকেটে রহস্যময় স্পিনার হিসেবে খ্যাতি এনে দিয়েছে। তিনি বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে অন্যতম সদস্য। পাশাপাশি টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য তিনি। কিন্তু চোট তাঁর দোসর। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টও তারঁ চোটের ওপর কড়া নজর রেখেছে। সূত্রের খবর অনুযায়ী, বরুণ চক্রবর্তীর হাঁটুতে চোট রয়েছে সেই সঙ্গে ব্যাথাও রয়েছ।

এক সাক্ষাৎকারে ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “বরুণের হাঁটুর অবস্থা কিন্তু একেবারেই ভালো জায়গায় নেই। ওর ব্যাথা রয়েছে। বিশ্বাস করুন টি-২০ বিশ্বকাপ না হলে, ভারতীয় দল ওকে খেলানোর কোনও ঝুঁকিই হয়তো নিত না। ১০০ % ফিট হওয়ার জন্য বরুণের সঠিক রিহ্যাবের প্রয়োজন। টি-২০ বিশ্বকাপ চলাকালীন আমাদের কিন্তু ফোকাস থাকবে বরুণের পেইন ম্যানেজমেন্ট।”

আজকে রাজস্থান রয়্যালসের সঙ্গে ডু অর ডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। ব্যাটিংয়ে যদি তরুণ ক্রিকেটার হিসেবে ভেঙ্কটেশ আইয়ার ও শুবমন গিলের দায়িত্ব বেশি হয়, ঠিক বোলিং বিভাগেও তাঁর দিকে চেয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

২০১৮ সালের ডিসেম্বরের নিলামে ৮.৪ কোটি টাকা দিয়ে কিংস ইলেভেন পঞ্জাব কিনেছিল তামিলনাড়ুর বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ২০১৯ সালের ২৫ মার্চ আইপিএলে অভিষেক ম্যাচ খেলেছিলেন বরুণ। সেই ম্যাচে নিজের প্রথম ওভারে ২৫ রান দিয়েছিলেন তিনি। ২০২০ সালে পাঞ্জাব তাঁকে ছেড়ে দিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স নিলামে তাঁকে নেয়। বাকিটা ইতিহাস। এখন তিনি শুধু কলকাতার নয়, টিম ইন্ডিয়ার টি ২০ বিশ্বকাপে বোলিং বিভাগের অন্যতম ভরসার নাম বরুণ চক্রবর্তী।

 

close whatsapp