আইপিএল ২০২৩: অতীতের বিতর্ক ভুলে এবার একসঙ্গে কমেন্টারি বক্সে শ্রীসান্থ ও হরভজন
স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন শ্রীসান্থ ও হরভজন
আপডেট করা - Mar 24, 2023 1:20 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)-এর ১৬তম সংস্করণ ৩১শে মার্চ থেকে শুরু হবে এবং সমর্থকরা এখন থেকেই উত্তেজনায় ফুটছেন। বিশ্বের বৃহত্তম টি-টোয়েন্টি লিগ আবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত সংস্করণের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।
আইপিএল ২০২৩-এর আগে এখন একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ভারতের প্রাক্তন বোলার হরভজন সিং ও শ্রীসান্থ স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন। টুর্নামেন্টের টিভি সম্প্রচারকারী স্টার স্পোর্টস আইপিএল ২০২৩-এর আগে ধারাভাষ্য দলের অংশ হিসাবে শ্রীসান্থ, হরভজন সিং এবং মহম্মদ কাইফের নাম ঘোষণা করে একটি ভিডিও প্রকাশ করেছে।
We're bringing back fierce rivals yet comrades- @harbhajan_singh 🤝 @sreesanth36 while @MohammadKaif brings his shuddh Hindi ka tadka!
Join the Incredible Starcast at #IPLonStar, Mar 31 onwards on Star Sports Network.#ShorOn #GameOn #BetterTogether #IPLonStar #CricketLive pic.twitter.com/hQIzwsdRR6
— Star Sports (@StarSportsIndia) March 23, 2023
উল্লেখ্য, আইপিএলের প্রথম সংস্করণে শ্রীসান্থ ও হরভজন কুখ্যাত একটি ঘটনায় জড়িয়েছিলেন। ২০০৮-এ কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে হরভজন শ্রীসান্থকে একটি চড় মারেন বলে অভিযোগ। হরভজন খেলতেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, যেখানে শ্রীসান্থ ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়। ঘটনার পর উভয় খেলোয়াড়ই দীর্ঘদিন পরস্পরের সঙ্গে কথা বলেননি। তবে সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে যে উভয়েই অতীতকে পিছনে ফেলে এসেছেন।
আইপিএল ২০২৩-এ থাকছে বেশ কয়েকটি চমক
আইপিএলের আসন্ন সংস্করণে বেশ কিছু পরিবর্তনের সাক্ষী হবেন সমর্থকরা। প্রতিযোগিতায় প্রধান যে পরিবর্তনটি আসছে তা হল ইমপ্যাক্ট প্লেয়ার। প্রথম একাদশের কোনো একজনকে খেলোয়াড়কে সরিয়ে আগে থেকে বাছাই করে রাখা পাঁচজন খেলোয়াড়ের মধ্যে একজনকে বিকল্প হিসেবে আনতে পারে দলগুলি।
আইপিএলের নতুন মরসুমের আগে আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনিংস সম্পন্ন না হলে প্রতিটি ওভারের বিলম্বের জন্য ওভার-রেটের শাস্তি হিসেবে ৩০ গজের বৃত্তের বাইরে শুধুমাত্র চারজন ফিল্ডার রাখার অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম চালু থাকলেও, আইপিএলে প্রথমবারের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। একজন ফিল্ডার বা উইকেটকিপার অন্যায্যভাবে নড়লে সেটি ডেড বল ঘোষণা করা হবে এবং ৫ পেনাল্টি রান হবে।