ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রস্তুতি নিয়ে স্বস্তির সুরই রাহুল দ্রাবিড়ের গলায়
আপডেট করা - Jun 27, 2022 7:01 pm

হাতে রয়েছে আর চার দিন। এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে টেস্ট ম্যাচে নামবে ভারত। লোকেশ রাহু আগেই ছিটকে গিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে সেই ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন ভারতীয় দলের অধিনায়ক তথা সেরা ওপেনার রোহিত শর্মা। এমন পরিস্থিতিতে যে চিন্তা থাকবে সেটাই স্বাভাবিক। যদিও এতকিছুর মধ্যেও ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রস্তুতিতে খুশি রাহুল দ্রাবিড়। প্রস্তুতি ম্যাচ দেখার পর ভারতীয় দলের প্রধান কোচের গলায় স্বস্তির সুরই শোনা গেল।
আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট নামবে ভারতীয় দল। সিরিজ নির্ণায়ক এই টেস্টে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ২-১-এ এগিয়ে থেকেই নামবে রাহুল দ্রাবিড়ের দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে এই টেস্ট ড্র কিংবা জিততে পারলেই ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতে রেকর্ড গড়বে ভারতীয় দল। তার আগেই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছে না টিম ইন্ডিয়া। সেজন্যই লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া।
সেই প্রস্তুতি ম্যাচ দেখার পরই বেশ স্বস্তির সুর শোনা গিয়েছে রাহুল দ্রাবিড়ের গলায়। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বেশকিছু জায়গা দেখে নিতে চেয়েছিলেন তিনি। সেই মঞ্চে ভারতীয় ক্রিকেটদার পারফরম্যান্স দেখে নাকি রাহু দ্রাবিড় বেশ খুশিই হয়েছেন। তাঁর মতে এই প্রস্তুতি ম্যাচ থেকে যে যে জায়গাগুলো তাঁর দেখার ছিল সবগুলোই নাকি ভালভাবে দেখে নিতে পেরেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য তাঁর দল যে একপ্রকার প্রস্তুত তা বেশ স্পষ্ট রাহু দ্রাবিড়ের কথা থেকেই।
১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে নামছে ভারত
তিনি জানিয়েছেন, “আমরা যে জিনিসগুলো এখানে হাসিল করতে চেয়েছিলাম এবং শুক্রবারের সেই টেস্টের প্রস্তুতি হিসাবে যে যে জায়গাগুলো বিশেষকরে দেখে নিতে চেয়েছিলাম, আমার মনে হয় তা হয়েছে। আমি মনে করি আমরা যথেষ্ট খুশি এবং স্বস্তি পেয়েছি। এই সপ্তাহে আমরা সবকিছুই করতে পেরেছি”।
🗣 | “𝐈𝐭 𝐰𝐚𝐬 𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐰𝐞𝐞𝐤.”@BCCI Head Coach 𝐑𝐚𝐡𝐮𝐥 𝐃𝐫𝐚𝐯𝐢𝐝 was full of praise for the week the side spent at Leicestershire, crediting the facilities, the wicket and the support from the crowd at UCG.
🦊#IndiaTourMatch | #LEIvIND | #TeamIndia pic.twitter.com/sNLyfFHmXH
— Leicestershire Foxes 🦊 (@leicsccc) June 27, 2022
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সবচেয়ে বেশী নজর ছিল এবার বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকেই। করোনার জন্য এক ইনিংসের বেশী খেলতে পারেননি রোহিত শর্মা। যদিও সেখানে তাঁর পারফরম্যান্সও খুব একটা ভাল ছিল না। তবে বিরাট কোহলি কিন্তু স্বস্তি দিতেই পারে টিম ইন্ডিয়াকে। প্রথম ইনিংসে ৩৩ রান করলেও, দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৬৭ রান। যা দেখে হয়ত খানিকটা হলেও স্বস্তি পাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে লেস্টারশায়ারের হয়ে খেললেও, প্রথম ইনিংসেই ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। কেএস ভরতও ভারতীয় দলের হয়ে অর্ধশতরান পেয়েছেন এই প্রস্তুতি ম্যাচে। রোহিতের অনিশ্চয়তার পাশে এই ঘটনাগুলোই বোধহয় খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার যতটা সময় পেয়েছে ভারতীয় দল, সেটাই কাজে লাগাতে মরিয়া এখন টিম ইন্ডিয়া।
যদিও ওপেনিং নিয়ে হয়ত একটা চিন্তা রয়েই যাচ্ছে। রোহিত শর্মা একান্তই খেলতে না পারলে তাঁর জায়গায় কে খেলবেন। ইতিমধ্যেই অবশ্য ময়াঙ্ক আগরওয়াল ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। তবুও এমন ম্যাচে রোহিত শর্মার উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা সকলেই বুঝতে পারছে।