কানপুরের মাঠকর্মীদের ৩৫০০০ টাকা দান করলেন রাহুল দ্রাবিড়
পঞ্চম দিনেও ভাঙন না ধরা স্পোর্টিং পিচ প্রস্তুতির জন্য এই পুরস্কার
আপডেট করা - Nov 29, 2021 8:00 pm

কানপুরের গ্রীন পার্কের মাঠকর্মীদের ৩৫০০০ টাকা দান করলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য শিব কুমারের নেতৃত্বে মাঠের কর্মীরা যে স্পোর্টিং পিচ তৈরী করেন, সেই পিচ প্রস্তুতির স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার পেলেন তাঁরা। নিউজিল্যান্ডের টেল-এন্ডাররা শেষ দিকে ক্রিজে মরণপণ করে টিকে থেকে ভারতীয় বোলারদের সমস্ত আক্রমণ প্রতিরোধ করলেন। তাঁদের দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবেই ম্যাচটি ড্র হল।
সমগ্র ম্যাচটি টানটান উত্তেজনায় ভরা ছিল এবং পিচ তর্কাতীতভাবে একটি বড় ভূমিকা পালন করেছিল। অভাবনীয় দৃঢ়তা দেখানোর জন্য বিখ্যাত দ্রাবিড় আবারও বিশ্বকে দেখালেন কেন তিনি সবার থেকে আলাদা। গ্রাউন্ডসম্যানদের অর্থ প্রদান করে তিনি নিজের এমন একটি দিক তুলে ধরলেন যা ক্রিকেট সম্প্রদায়ের দ্বারা প্রশংসিত হবে।
উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ৩৫০০০ টাকা পাওয়ার কথা ঘোষণা করেছে
নিজের ক্রিকেট কেরিয়ারে দ্রাবিড় পরিচিত ছিলেন শালীনতা বজায় রেখে ক্রিকেট খেলার জন্য এবং তিনি বরাবরই ক্রিকেটের সেরা খেলোয়াড়দের একজন হিসাবে আখ্যায়িত হন। তাঁর আজকের এই কাজটি আরও একবার প্রমাণ কিছু কিছু মানুষ কখনওই বদলায় না। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন উক্ত বিষয়টি সম্পর্কে একটি ঘোষণা করেছে।
“আমরা একটি আনুষ্ঠানিক ঘোষণা করতে চাই। মিঃ রাহুল দ্রাবিড় আমাদের গ্রাউন্ডসম্যানদের ব্যক্তিগতভাবে ৩৫০০০ টাকা দিয়েছেন,” উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) খেলার পরে প্রেস বক্সে ঘোষণা করেছে।
ম্যাচের পাশাপাশি কানপুরের পিচও পুরো ম্যাচ জুড়ে আলোচনায় ছিল। পিচটি এমন ছিল যেখানে ব্যাটাররা ধৈর্য ধরে খেললে তাদের ইনিংস গড়ে তুলতে পারে। ম্যাচের শুরুতে পেসাররা কিছুটা ভালো সাহায্য পেলেও স্পিনারদের জন্যও পিচে প্রচুর সহায়তা ছিল।
গ্রাউন্ডসম্যানদের জন্য দ্রাবিড়ের প্রশংস ইঙ্গিত দেয় যে পরবর্তীকালেও ভারত এভাবেই খেলবে এবং অধিকাংশ পিচ স্পোর্টিং হবে। প্রাক্তন ভারতীয় ব্যাটার দ্রাবিড় কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ভারতের পূর্ণ-সময়ের প্রধান কোচ হিসাবে তাঁর কার্যকাল শুরু করেছিলেন। তাঁর মেয়াদের সূচনা ইতিবাচক ছিল, কারণ ভারত ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল।
এর আগে শ্রেয়াস আইয়ার তাঁর ইনিংস সম্পর্কে বলতে গিয়ে দ্রাবিড়ের পরামর্শ সম্বন্ধেও বলেছিলেন। তিনি বলেছিলেন, “আমাদের ম্যাচটি জিততেই হবে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহুল স্যার বলেছিলেন যে আমাকে যতটা সম্ভব ক্রিজে থাকতে হবে এবং রান করতে হবে। সেশন ধরে খেলতে হবে এবং যতটা সম্ভব বেশী বল খেলার মানসিকতা ছিল। আমি খুব বেশি সামনের কথা ভাবছিলাম না, শুধু বর্তমানের দিকে মনোনিবেশ করছিলাম।”