ঘোষিত হল নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ স্কোয়াড, দলে একাধিক নতুন মুখ

তালিকায় নাম নেই কোহলি, বুমরা, হার্দিক, জাডেজার

Indian Cricket Team
Indian Cricket Team. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রত্যাশিতভাবেই রোহিত শর্মাকে ভারতের নতুন অধিনায়ক বাছা হয়েছে। কে এল রাহুল তাঁর সহকারী। বিরাট কোহলি টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়ার ফলে আজকের এই সভায় অংশ নিয়েছিলেন সদ্যনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা। তিনি এখনও দেশে ফিরতে পারেননি, দুবাইতেই আছেন। সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যোগদান করে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ রেখে দল নির্বাচনের ব্যাপারে নিজস্ব মতামত দেন।

বিশ্বকাপে খেলতে যাওয়া বেশ কিছু তারকাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম সারির যেসব ক্রিকেটারকে এই সিরিজে রাখা হয়নি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজা, হার্দিক পান্ডিয়া। এছাড়া বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর, রাহুল চাহারদেরও তালিকায় জায়গা হয়নি।

আইপিএলে ভালো পারফর্ম করা বেশ কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। টি-২০ বিশ্বকাপের শুরুর দিকে ভারতের নেট বোলার হিসেবে ডাক পাওয়া ভেঙ্কটেশ আইয়ার ও আবেশ খান দুজনের ভাগ্যেই শিকে ছিঁড়েছে এই সিরিজে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক, চেন্নাই সুপার কিংসের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়ও জায়গা করে নিয়েছেন ১৬ জনের স্কোয়াডে। উল্লেখযোগ্য প্রত্যাবর্তন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের।

আগেই শোনা যাচ্ছিল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলি নিউজিল্যান্ড সিরিজের টি-২০ ম্যাচগুলি থেকেও সরে দাঁড়াবেন। টানা ভারতের হয়ে সব ধরনের ফর্ম্যাটে খেলছিলেন তিনি। ক্রিকেট থেকে সাময়িক বিরতি তাঁকে দিন কয়েকের ছুটি দেবে। এর আগে কোহলি প্রায়ই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলেছেন।

বিশ্বকাপের প্রাথমিক নির্বাচিত স্কোয়াড থেকে অক্ষর পাটেলকে বাদ দিয়ে শার্দূল ঠাকুর ঢোকানো হয়েছিল। কিন্তু এই সিরিজে আবার অক্ষরকে ফেরানো হয়েছে। ভালো ছন্দে না থাকা ভুবনেশ্বর কুমার বিস্ময়করভাবে তাঁর স্থান ধরে রেখেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের নির্বাচিত টি-২০ স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ।

সিরিজ শুরু হচ্ছে ১৭ই নভেম্বর। ভারত তিনটি আন্তর্জাতিক টি-২০তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে জয়পুর (১৭ই নভেম্বর), রাঁচি (১৯শে নভেম্বর) ও কলকাতায় (২১শে নভেম্বর)। এছাড়া দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও আয়োজিত হবে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। টেস্ট দুটি হবে যথাক্রমে কানপুর (২৫-২৯ নভেম্বর) ও মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)।

close whatsapp