ফাফ ডু প্লেসির জন্য আইপিএল নিলামে যুদ্ধ বাঁধবে বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন

ডি কক, বেয়ারস্টোদেরও ভালো দর পেতে দেখছেন অশ্বিন

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলাম কাছাকাছি চলে এসেছে এবং সমস্ত ফ্র্যাঞ্চাইজিই শক্তিশালী দল গঠনের ব্যাপারে চিন্তাভাবনা করতে শুরু করে দিয়েছে। দুই দিনের বিডিং ইভেন্টটি ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। মোট ৫৯০ জন খেলোয়াড় – ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশী – নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এবং এঁদের মধ্যে অনেকেই বিশাল অঙ্কের অর্থের চুক্তি পাবেন৷ এটি অবশ্যই উল্লেখ্য যে আটটি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজিগুলিকে সর্বোচ্চ মাত্র চারজন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়েছিল। 

একই সাথে, দুটি নতুন দল – আহমেদাবাদ এবং লখনউ – ধরে না রাখা খেলোয়াড়দের তালিকা থেকে তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছে। এদিকে, অভিজ্ঞ ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) যদি আবার ফাফ ডু প্লেসিকে দলে ফেরাতে হয় তবে প্রচুর পরিমাণ অর্থ খরচ করতে হবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বছরের পর বছর ধরে সিএসকের একজন গুরুত্বপূর্ণ সদস্য। 

এমনকি ২০২১ সালে সিএসকেকে তাদের চতুর্থ শিরোপা তোলার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওপেনার ১৬ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন, এবং অরেঞ্জ ক্যাপ পাওয়া থেকে মাত্র দুই রান দূরে থেমে গিয়েছিলেন। যেহেতু সিএসকের ধরে রাখা চারজন খেলোয়াড়ের মধ্যে তিনি ছিলেন না, তাই প্রোটিয়া ব্যাটার এখন নিলামে থাকবেন এবং অশ্বিন আশা করছেন ডু প্লেসির জন্য নিলামে ভালো দর হাঁকা  হবে। 

আমার মতে ফাফ ডু প্লেসির দারুণ চাহিদা থাকবে: রবিচন্দ্রন অশ্বিন

“গতবার প্রায় ১.৫ কোটিতে সিএসকে ফাফ ডু প্লেসি চুরি করেছিল। কিন্তু এইবার, আমি তার জন্য এই ধরনের চুরি দেখতে পাচ্ছি না। সিএসকে ভক্তরা অবশ্যই তাকে তাদের পছন্দের তালিকায় রাখবে। সিএসকে যদি এইবার ফাফ ডু প্লেসিকে কিনতে চায়, তবে তাদের অবশ্যই গতবারের চেয়ে অনেক বেশি খরচ করতে প্রস্তুত থাকতে হবে। আমার মতে ফাফ ডু প্লেসির দারুণ চাহিদা থাকবে। বেশিরভাগ দলই ফাফের খোঁজ নেবে,” অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।

এদিকে, অশ্বিনের মতে, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার হলেন অন্য দুই ওপেনার যারা নিলামে বড় চুক্তি পেতে পারেন। “ডি কক সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সুতরাং, বেশিরভাগ দলই ভাবতে পারে যেহেতু সে টেস্ট থেকে অবসর নিয়েছে, সেহেতু সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে সমস্ত দেশে যাবে এবং তাই তাকে খোঁজা হবে,” বলেছেন অশ্বিন। 

সমস্ত বিদেশী ওপেনারদের মধ্যে, অশ্বিন মনে করেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো সর্বোচ্চ বিড পাবেন। “যখন বিদেশী ওপেনারদের কথা আসে, তখন যার সবচেয়ে বেশি দাম পাওয়া উচিত সে হল জনি বেয়ারস্টো। বেয়ারস্টোর মধ্যে ‘নেগেটিভ’ বলে কিছু নেই। সে শুরু থেকেই সব বোলারকে টার্গেট করে বোলারদের চরম চাপে ফেলে দেয়। বেয়ারস্টো এই বছরের নিলামে বিশাল মূল্য পাবে,” ৩৫ বছর বয়সী বলেছেন। 

close whatsapp