‘ঘরের ছেলে’ ভেঙ্কটেশ আইয়ারকে স্বাগত জানালো কেকেআর

জানালেন আইপিএল শিরোপা জয়কেই একমাত্র উদ্দেশ্য করে খেলতে এসেছেন এইবার

Venkatesh Iyer
Venkatesh Iyer. (Photo Source: IPL/BCCI)

গত বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আবিষ্কার ওপেনিং ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার আইপিএল ২০২২-এর আগে মুম্বইতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন। বাঁ-হাতি ব্যাটারকে এই মরসুমের আগে নাইটরা গত বছরের পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে ৮ কোটি টাকার বিনিময়ে ধরে রেখেছে।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ২৭ বছর বয়সীকে স্বাগত জানিয়ে ক্যাপশনে লেখা হয়েছে – ইন্দোর থেকে আমাদের ঘরের ছেলে চলে এসেছে। সেই পোস্টে ভেঙ্কটেশ বলেছেন, “আমাদের দল খুবই ভালো হয়েছে। আমি আশাবাদী এই বছর আরও একটি মাইলস্টোন অর্জন করব। আমি বেশ কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম, তাই আগামী ৩ দিন নিজেকে নিয়ে ভাবব, আত্মবিশ্লেষণ করব। একটি কথা আমি ও শ্রেয়াস (আইয়ার) বারবার আলোচনা করছিলাম যে আইপিএল জেতাটাই একমাত্র উদ্দেশ্য। আমাদের সেটা যেভাবেই হোক পূরণ করতে হবে। এই উদ্দেশ্যটাই আমাকে অনেকটা ইতিবাচক করে তুলেছে।”  

https://twitter.com/KKRiders/status/1503710102808891394?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

দলের সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনারা সমর্থন করে যান। আমরা কঠোর পরিশ্রম করছি। আপনাদের সমর্থন খুব জরুরী। করবো, লড়বো, জিতবো রে।”

গত মরসুমের চেয়ে এই মরসুমে ৪০ গুণ বেতন বৃদ্ধি হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের

গত বছর অভিষেক হওয়া ভেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং আইপিএল ২০২১-এ দলকে রানার্স-আপ হিসাবে শেষ করতে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এই অলরাউন্ডার এখন পর্যন্ত দলের হয়ে ১০টি খেলায় অংশ নিয়েছেন এবং ৪১.১১ গড়ে এবং ১২৮.৪৭ স্ট্রাইক রেটে ৩৭০ রান সংগ্রহ করেছেন। আইয়ার চারটি হাফ সেঞ্চুরিও করেন এবং বল হাতে তিনটি উইকেট নেন।

ভেঙ্কটেশকে আইপিএল ২০২১-এর আগে ২০ লক্ষ টাকায় কেনা হয়েছিল। এই মরসুমে তাঁর ৪০ গুণ বেতন বৃদ্ধি হয়েছে৷ তাঁর আইপিএল ফর্ম তাঁকে টিম ইন্ডিয়া স্কোয়াডেও জায়গা দিয়েছে। গত এক বছরে তিনি টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ফর্ম্যাটেই অভিষেক করেছেন এবং ফিনিশারের ভূমিকায় ভালো করছেন।

এই বছর, ভেঙ্কটেশ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে খেলবেন যিনি আসন্ন মরসুমের জন্য দলের অধিনায়ক নিযুক্ত হয়েছেন। আইয়ার নিজেও দারুণ ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক টি-২০ সিরিজে তিনি টানা তিন ম্যাচে ৫৭*, ৭৪* এবং ৭৩* রানের ইনিংস খেলেন। 

আইপিএল ২০২২-এর জন্য কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, প্যাট কামিন্স, নীতীশ রানা, শিবম মাভি, শেলডন জ্যাকসন, আজিঙ্কা রাহানে, রিংকু সিং, অনুকুল রায়, রাশিখ দার, চমিকা করুণারত্নে, বাবা ইন্দ্রজিৎ, অশোক শর্মা, প্রথম সিং, অভিজিৎ তোমর, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, রমেশ কুমার, মহম্মদ নবি, আমান খান, উমেশ যাদব। 

close whatsapp