নিউ জিল্যান্ড বনাম ভারত: প্রথম টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
টি-২০ বিশ্বকাপের দুই পরাজিত সেমি-ফাইনালিস্ট মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজে
আপডেট করা - Nov 17, 2022 7:18 pm

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একটি নতুন চেহারার ভারতীয় দল ১৮ই নভেম্বর ওয়েলিংটনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-২০তে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই হেরে যাওয়া সেমি-ফাইনালিস্ট দলগুলিকে ব্যর্থতা ঝেড়ে ফেলে জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্যে নামবে।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, ওপেনার কেএল রাহুল, তারকা ব্যাটার বিরাট কোহলির পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিকের মতো সিনিয়দের অনুপস্থিতিতে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দল মোকাবিলা করবে পূর্ণ শক্তির কিউয়িদের। নিউ জিল্যান্ডের কঠিন পরিস্থিতিতে বেশ কিছু নতুন মুখকে খেলতে দেখা যাবে।
এদিকে, কিউইরা ভারতের বিরুদ্ধে তাদের বিগত ঘরের মাঠের সিরিজে ৫-০ ব্যবধানে হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য রাখবে। টি-২০ বিশ্বকাপে যে স্কোয়াড নিয়ে তারা নেমেছিল, সেই স্কোয়াডের মাত্র দুজন আসন্ন সিরিজে অনুপস্থিত থাকবেন।
পিচ কন্ডিশন
সিরিজের উদ্বোধনী ম্যাচে ওয়েলিংটনের ব্যাটিং-বান্ধব পিচে স্ট্রোক-প্লেতে অসুবিধা হওয়ার কথা নয়। বোলাররা পিচ থেকে ন্যূনতম সমর্থন পাবেন এবং ছোট বাউন্ডারির সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে ব্যাটারদের। ধারাবাহিকভাবে উইকেট না নিতে পারলে ২০০-র কাছাকাছি স্কোর ওঠার সম্ভাবনা।
উভয় দলের কম্বিনেশন
নিউ জিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য গতিতে শুরু করলেও সুপার ১২ পর্বের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে প্রথম হোঁচট খায় নিউ জিল্যান্ড। এরপর সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার কারণে টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। কেন উইলিয়ামসনের ফর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিল এই সিরিজে সুযোগ পাননি।
সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, জেমস নিশ্যাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিল্ন, লকি ফার্গুসন।
ভারত
ভবিষ্যতের অধিনায়ক হিসাবে চিহ্নিত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল নির্ভীক ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়ে নামতে প্রস্তুত। ওপেনার হিসেবে দেখা যেতে পারে আগ্রাসী ঋষভ পান্তকে। এক্সপ্রেস পেসার উমরান মালিকেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা। টি-২০ অভিষেক হতে পারে শুবমান গিলের।
সম্ভাব্য একাদশ: ঋষভ পান্ত (উইকেটকিপার), শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড
ম্যাচ – ২১ | নিউ জিল্যান্ড – ৯ | ভারত – ১১ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ১৮ই নভেম্বর, ভারতীয় সময় দুপুর ১২:০০
টিভি – ডিডি স্পোর্টস
লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম