ঋদ্ধিমানের মন্তব্যে ব্যথিত নন কোচ রাহুল দ্রাবিড়
ঋদ্ধিমান জানিয়েছিলেন দ্রাবিড় তাঁকে আন্তর্জাতিক অবসরের কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন
আপডেট করা - Feb 23, 2022 4:39 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতের স্কোয়াড থেকে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহাও। বাদ পড়ার পরেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ঋদ্ধি। ৩৭ বছর বয়সী প্রকাশ করেছেন যে, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ভারতের ১-২ টেস্ট সিরিজে পরাজয়ের পরে, প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁকে আন্তর্জাতিক অবসরের কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন, কারণ তিনি জাতীয় দলের ভবিষ্যত পরিকল্পনার অংশ নন।
ঋদ্ধির বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে, দ্রাবিড় বলেছেন যে ‘তিনি মোটেও আঘাত পাননি’ এবং এখনও বাংলার ক্রিকেটারকে অশেষ শ্রদ্ধা করেন। ঋদ্ধির মন্তব্যের পেছনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন যে ঋদ্ধির বাদ পড়ার বিষয়ে ‘স্বচ্ছতা প্রাপ্য’ এবং তিনি নিজে ঋদ্ধিকে তাই ওই কথাগুলি বলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ৩-০ ব্যবধানে জয়ের পর রবিবার (২০ ফেব্রুয়ারি) দ্রাবিড় এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
ঋদ্ধিমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, বলেছেন ভারতীয় দলের প্রধান কোচ
“টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আমাদের অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। (হাসি),” সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়ের প্রাথমিক প্রতিক্রিয়া। তারপর ঋদ্ধিমানের বিষয়ে তিনি বলেন, “না, আমি একেবারেই আহত নই। ভারতীয় ক্রিকেটে ঋদ্ধিমান সাহার কৃতিত্ব, অবদানের জন্য তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর সাথে আমার কথোপকথন সেই জায়গা থেকেই হয়েছিল। সততা এবং স্বচ্ছতা তাঁর প্রাপ্য ছিল।”
“আমি চাইনি যে তিনি এসব সম্পর্কে মিডিয়ার থেকে শুনুক। এই ধরণের কথোপকথনে আমি ক্রমাগত খেলোয়াড়দের সঙ্গে জড়িত হই। আমি এটা নিয়ে মোটেও ভাবিত নই কারণ আমি আশা করি না যে খেলোয়াড়রা সবসময় বার্তাগুলি পছন্দ করবে বা তাঁদের সম্পর্কে আমি যা কিছু বলব তার সাথে তাঁরা একমত হবেন,” দ্রাবিড় আরও বলেছেন।
৪৯ বছর বয়সী আরও বলেছেন যে তিনি এবং দলের অধিনায়ক রোহিত শর্মা ফলাফল নির্বিশেষে নির্বাচনের বিষয়ে খোলামেলা যোগাযোগে বিশ্বাস করেন। “কখনও কখনও খেলোয়াড়দের সাথে আপনার কথোপকথন রূঢ় হয়ে যায়। তবে এর অর্থ এই নয় যে কথা না বলে সব কিছু ঢেকে রাখতে হবে, তাই না? প্রতিটি একাদশ বাছাই করার আগে আমি সত্যিই বার্তা বিনিময়ে বিশ্বাস করি,” প্রধান কোচ বিস্তারিত জানিয়েছেন।
“এখনও, যারা খেলছে না তাদের সঙ্গে আমি বা রোহিত কথা বলব। এবং আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য যে কেন তারা খেলছে না বা কেন এমন একটি একাদশ বাছাই করা হল। খেলোয়াড়দের মাঝে মাঝে মন খারাপ হওয়া বা আঘাত পাওয়া স্বাভাবিক,” তিনি যোগ করেন।