৩২৬ দিন অপেক্ষার পর তৃতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নাথান লায়নের

ডাউইড মালানকে আউট করে রেকর্ড তালিকায় নাম লেখালেন তিনি

Nathan Lyon
Nathan Lyon. (Photo by PATRICK HAMILTON/AFP via Getty Images)

১৯শে জানুয়ারী ২০২১ থেকে ১০ই ডিসেম্বর ২০২১। দীর্ঘ প্রায় এগারো মাস ধরে নাথান লায়নের টেস্ট উইকেটসংখ্যা ৩৯৯-তেই আটকেছিল। অবশেষে ৩২৬ দিন পর আজ ১১ই ডিসেম্বর অপেক্ষার অবসান। চতুর্থ দিনের সবে চতুর্থ ওভার চলছে। লায়নের একটি ফুল লেংথ বল স্টেপ আউট করে খেলতে যান ডাউইড মালান। বল ব্যাটে লেগে প্যাডে লাগার পর সিলি পয়েন্টে দাঁড়ানো মার্নাস ল্যাবুশেন লুফে নিতেই অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট শিকার করলেন নাথান লায়ন।  

৪০০ উইকেট নেওয়ার পর সামনে এখন কার্টলি অ্যামব্রোস

যদিও ওখানেই থামেননি তিনি। রেকর্ডে পৌঁছনোর দিনটি আরও স্মরণীয় করে রাখতে ঝুলিতে পোরেন আরও তিনটি উইকেট। ইংল্যান্ডের ইনিংস যখন শেষ হচ্ছে তখন তাঁর পরিসংখ্যান ৩৪-৫-৯১-৪। চতুর্থ দিন মূলত লায়নের দাপটেই মাত্র ৭৪ রানে শেষ আট উইকেট হারাল ইংল্যান্ড। 

ইতিমধ্যেই ৪০৩টি উইকেট তুলে ফেলা লায়নের সামনে ওয়েস্ট ইন্ডিজের মহান পেসার কার্টলি অ্যামব্রোস (৪০৫)। অ্যাডিলেডে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেই হয়তো তাঁকেও টপকে যাবেন লায়ন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তাঁর সামনে দুই কিংবদন্তী – প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং শেন ওয়ার্ন (৭০৮)।   

তাঁর শেষ শিকার জানুয়ারীতে ভারতের বিপক্ষে গাব্বাতে। ৩৯৯তম উইকেট হিসেবে ওয়াশিংটন সুন্দরকে বোল্ড করেছিলেন তিনি। ৩৪ বছর বয়সী স্পিনার ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিলেও ভারতকে তিন উইকেটে ম্যাচ জেতা থেকে আটকাতে পারেননি। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পরপর দুবার সিরিজ হারার পাশাপাশি অস্ট্রেলিয়া তিন দশকেরও বেশী সময় পর গাব্বায় টেস্ট হেরেছিল। 

ব্রিসবেনে প্রথম টেস্টে লায়নের ৪০০ উইকেট ছাড়া আরও কিছু রেকর্ড হল এবং নতুন কিছু পরিসংখ্যান পাওয়া গেল। রইল সেসব পরিসংখ্যান –

৮৯ – জো রুট অস্ট্রেলিয়ায় তাঁর সর্বোচ্চ টেস্ট স্কোর নথিভুক্ত করেছেন

৮২ – ডাউইড মালান টেস্ট ম্যাচে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেছেন

১৯ – অস্ট্রেলিয়ার মাটিতে ১৯ ইনিংস খেলে একটিও সেঞ্চুরি নেই জো রুটের 

৭ – সপ্তম স্পিনার হিসেবে নাথান লিয়ন টেস্টে ৪০০ বা তার বেশী উইকেটের মালিক হলেন 

৯ – ১৯৮৬ থেকে ইংল্যান্ড ব্রিসবেনে নয়টি টেস্ট খেলেএকটিও জিততে ব্যর্থ 

১৯৮৬ – ইংল্যান্ড ১৯৮৬তে শেষবার ব্রিসবেনে টেস্ট ম্যাচ জিতেছিল

২ – শেন ওয়ার্নের পর দ্বিতীয় অস্ট্রেলীয় স্পিনার হিসেবে নাথান লায়ন টেস্টে ৪০০ বা তার বেশী উইকেট নিলেন

৯ – অস্ট্রেলিয়ার নয় উইকেটে টেস্ট জয় অবশিষ্ট উইকেটসংখ্যার বিচারে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ১৯৯৯ এবং ২০১৭-য় তারা ১০ উইকেটে জিতেছিল 

close whatsapp