টেস্ট ক্রিকেটের মঞ্চে ৩২তম শতরান করলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ

Steve Smith
Steve Smith. (Photo Source: Gettyimages)

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটি দুরন্ত শতরান করলেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটের মঞ্চে এটি হল তার ৩২ তম শতরান। তিনি দ্রুততম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩২টি শতরান করার রেকর্ড করলেন। অ্যাশেজ সিরিজে এটি ছিল তার ১২ তম শতরান।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে প্ৰথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে খুব একটা সুবিধা করতে পারলেন না ইংল্যান্ডের বোলাররা। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজা প্ৰথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ৭০ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৮টি চার এবং ১টি ছয় সহ ৮৮ বলে ৬৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। মার্নাস ল্যাবুশেন মাত্র ৩ রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। তিনি ৯৩ বলে ৪৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭টি চার।

স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুশেনের মধ্যে ১০২ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে উঠেছিল। এরপর ক্রিজে আসেন ট্র্যাভিস হেড। তিনি শুরু থেকেই আক্রমনাত্মকভাবে ব্যাটিং করতে থাকেন। তিনি ৭৩ বলে ৭৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার মেরেছিলেন। তিনি এবং স্মিথ মিলে ১১৮ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। ক্যামেরন গ্রিন ০ রানে আউট হন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরি ৪৩ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মিচেল স্টার্ক ১০ বলে মাত্র ৬ রান করেন। এরপর আউট হন স্টিভ স্মিথ। তিনি ১৮৪ বলে ১১০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ১৫টি চার।

প্ৰথম ইনিংসে ৪১৬ রান করল অস্ট্রেলিয়া

স্টিভ স্মিথ আউট হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়। নাথান লিয়ন এবং জশ হ্যাজেলউড যথাক্রমে ১৩ বলে ৭ রান এবং ৬ বলে ৪ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ৩৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১০০.৪ ওভারে ১০ উইকেটে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে এই ইনিংসে সবথেকে বেশি উইকেট নেন অলি রবিনসন এবং জশ টং। রবিনসন এবং জশ যথাক্রমে ২৪.৪ ওভারে ১০০ রান এবং ২২ ওভারে ৯৮ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। জো রুট ৮ ওভারে ১৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড দুজনেই ১টি করে উইকেট নেন।

close whatsapp