সিএসকের অধিনায়কত্ব ত্যাগ করলেন এমএস ধোনি
ধোনি নিজে থেকে রবীন্দ্র জাডেজা হাতে নেতৃত্ব টুলে দিলেন
আপডেট করা - Mar 24, 2022 3:14 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরটি ২৬শে মার্চ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলা দিয়ে শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচের আগে, এমএস ধোনি সিএসকে-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন। ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকায় রবীন্দ্র জাডেজাকে ধরে রেখেছিল এবং তিনিই এখন সিএসকে অধিনায়ক নিযুক্ত হয়েছেন।
সিএসকে-এর অফিসিয়াল ওয়েবসাইট খবরটি নিশ্চিত করেছে। যদিও এই বিষয়ে এখনই আরও বিশদ কোন তথ্য আসেনি। জাডেজা আইপিএলের ইতিহাসে সিএসকে-এর তৃতীয় অধিনায়ক। এর আগে এমএস ধোনি ছাড়াও সুরেশ রায়না হলুদ জার্সির দলের অধিনায়কত্ব করেছে। জাডেজা ২০১২ সাল থেকে ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত এবং শুধুমাত্র ২০১৬ এবং ২০১৭ সংস্করণে অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন কারণ সিএসকে ওই দুই বছর আইপিএল থেকে সাস্পেন্ড ছিল।
চেন্নাই সুপার কিংসের চারটি আইপিএল শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন এমএস ধোনি
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল ধোনি আর কতদিন এই দায়িত্বে থাকবেন সেই নিয়ে। কিন্তু সেই জল্পনার মাঝেই চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি একটি বড় সিদ্ধান্ত নিয়ে সমস্ত ভক্তদের অবাক করে দিয়েছেন। আসন্ন মরসুম শুরুর দুই দিন আগে দলের অধিনায়কত্ব অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেখে ক্রিকেটবিশ্ব স্তম্ভিত।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে, শিরোপা জয়ের ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের পরে চেন্নাই সুপার কিংস দ্বিতীয় সফল দল হিসেবে প্রমাণিত হয়েছে। একই সাথে, দলটি এখন পর্যন্ত খেলা ১২টি মরসুমের মধ্যে ১১বার প্লে অফে জায়গা করে নিয়েছে। যা স্পষ্ট দেখায় কেন চেন্নাইয়ের দলকে আইপিএলে অন্যতম সফল বলে মনে করা হয়। ধোনির এই বিপুল সাফল্য জাডেজা কতটা পুনরাবৃত্ত করতে পারেন সেইদিকে নজর থাকবে।
এই প্রথমবার সিএসকের পুরো সময়ের অধিনায়ক হিসেবে ধোনি ছাড়া অন্য কোন খেলোয়াড়কে দেখা যাবে এবং এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ধোনি তাঁর সময়কাল থেকে ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন থেকেই সিএসকেকে প্রস্তুত করে রাখছেন। এটি তাঁর শেষ মরসুম হবে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে প্রথমবারের মতো, তিনি কেবল একজন দলের সাধারণ সদস্য হিসাবে হলুদ জার্সিতে খেলবেন।