তাঁর হোমগ্রাউন্ড এখন মোতেরা, ইডেনের প্লেঅফ ঋদ্ধিমান সাহার কাছে অ্যাওয়ে গেম

Wriddhiman Saha
Wriddhiman Saha. (Photo Source: IPL/BCCI)

২৪ ঘন্টা পরেই ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম প্লেঅফে নামবে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। ম্যাচ যেহেতু ইডেনে স্বভাবতই সকলের চোখ ঋদ্ধিমান সাহা এবং সামির দিকেই থাকবে। কিন্তু সেই ঋদ্ধিমান সাহার মুখেই ইডেন গার্ডেন্স নিয়ে এবার অন্যকথা। এবারের আইপিএলে তিনি গুজরাত টাইটান্সের ক্রিকেটার। তাই লোকে বললেও ঋদ্ধিমান সাহার কাছে ইডেন নয়, হোমগ্রাউন্ড মোতেরা। ম্যাচের ২৪ ঘন্টা আগে হঠাত্ই ঋদ্ধিমান সাহার এমন মন্তব্যে হৈচৈ পড়ে যাওয়াটাই স্বাভাবিক। একইসঙ্গে বেশকিছু প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে।

কয়েকদিন আগেই আসন্ন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলার জন্য বাংলা শিবিরে ঋদ্ধিমান সাহার নাম রাখা হয়েছিল। কিন্তু সেই খবর পাওয়ার পরই নিজের নাম সরিয়ে নেওয়ার কথা সিএবি-কে জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। রঞ্জির প্রথম পর্বে তিনি খেলেননি। সেই প্রসঙ্গে একসময় তাঁর দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতেই অপমানিত বোধ করেছিলেন ঋদ্ধিমান সাহা। এরপরই নিয়েছিলেন না খেলার সিদ্ধান্ত। শুধু তাই নয় শোনা গিয়েছিল সিএবির থেকে নাকি  ঋদ্ধিমান সাহা এনওসি-ও চেয়ে নিয়েছিলেন।

সেই ঘটনার পর এই প্রথমবার ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সের হয়ে এবার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারের মঞ্চে ঋদ্ধিমান সাহা গুজরাত টাইটান্সের অন্যতম প্রধান অস্ত্র। গুজরাতের সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই ঋদ্ধিমান সাহা নামছেন ইডেন গার্ডেন্সে। কিন্তু এই মাঠকে কিন্তু তিনি হোন গ্রাউন্ড হিসাবে মানতে নারাজ। গুজরাতে খেলার সূত্রে ঋদ্ধিমান সাহার কাছে এখন মোতেরাই হোমগ্রাউন্ড।

চলতি আইপিএলে ৯ ম্যাচে ৩১২ রান রয়েছে ঋদ্ধিমান সাহার

ম্যাচের আগেরদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বসেছিলেন ঋদ্ধিমান সাহা। সেখানে এই হোমগ্রাউন্ড প্রসঙ্গে প্রশ্ন উঠতেই ঋদ্ধিমান সাহার সোজা সাপ্টা উত্তর। তিনি জানিয়েছেন, আমি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছি। সুতরাং আমার কাছে মোতেরাই হোমগ্রাউন্ড। আমি তাতেই বিশ্বাসী। এছাড়া আমি কেকেআরের ক্রিকেটারও নই। সেজন্যই ইডেন আমার হোমগ্রাউন্ড নয়।

তিনি আরও বলেছেন, “এখানে হয়ত আমি অনেক ম্যাচ খেলেছি ঠিকই, কিন্তু আগামীকালের ম্যাচ আমার কাছে অ্যাওয়ে ম্যাচই। ঋদ্ধিমান সাহার এমন মন্তব্যের পর প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। বিশেষকরে কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গিয়েছে, তারপর ঋদ্ধিমান সাহার এই মন্তব্য নানান প্রশ্ন তুলে দিচ্ছে। তবে কী অভিমানী ঋদ্ধিমান সাহা সত্যিই বাংলার হয়ে আর খেলবেন না, এমন নানান প্রশ্নই কিন্তু উঠে আসছে”।

এখন অবশ্য ঋদ্ধিমান সাহা অন্য কোনওদিকেই তাঁর ফোকাস রাখতে চাইছেন না। ২৪ মে ইডেনে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামবেন তিনি। সেইম্যাচে কেমনভাবে সাফল্য পান সেই প্রস্তুতিতেই ব্যস্ত তিনি। এদিন বাংলার হয়ে ভবিষ্যতে তিনি খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠলে তার কোনও উত্তর দিতে চাননি ঋদ্ধিমান সাহা। আপাতত প্লেঅফের প্রথম ম্যাচ জেতাই তাঁর পাখির চোখ। ইতিমধ্যেই গুজরাতের হয়ে ৯ ম্যাচে ৩১২ রান করে ফেলেছেন ঋদ্ধিমান।

close whatsapp