“কেএল রাহুল জানে কখন গতি বাড়াতে হবে” – লখনউ অধিনায়কের আইপিএল পারফর্ম্যান্স প্রসঙ্গে আরপি সিং
আইপিএল ২০২২-এ ৬১৬ রান করেছিলেন রাহুল
আপডেট করা - Jun 7, 2022 4:58 pm

টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুলের একটি ইনিংস গড়ে তোলার বিষয়ে সচেতনতা রাখার জন্য তাঁর প্রশংসা করেছেন। প্রয়োজনে সময় নেওয়া এবং শেষে ইনিংসকে ত্বরান্বিত করার জন্য তিনি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের প্রশংসা করেন। যদিও, সহজে উইকেট ছুঁড়ে আসার জন্য রাহুলের সতীর্থ মণীশ পাণ্ডের সূক্ষ্মভাবে সমালোচনা করেছেন আরপি।
মণীশ পাণ্ডে, দীপক হুডা ও কুইন্টন ডি কককে মেগা নিলামে নেওয়ার পরে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী দেখাচ্ছিল। প্রথম কয়েকটি ম্যাচে, ফর্মে থাকা অলরাউন্ডার হুডার আগে তিন নম্বর পজিশনে খেলেছিলেন পাণ্ডে। কিন্তু তাঁর নতুন দলের হয়ে ফর্মের ধারেকাছে ছিলেন না মণীশ, এবং এই মরসুমে ছয় ম্যাচে মাত্র ৮৮ রান করেছিলেন। রাহুল ধারাবাহিক বড় স্কোর করে ছন্দে ছিলেন এবং তাঁর দলকে নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন।
আরপি সিং এবং পার্থিব প্যাটেল কেএল রাহুলের প্রশংসা করেছেন
৩০ বছর বয়সী এই তারকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন। ১৫ ম্যাচে ৫১.৩৩ গড় এবং ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে ৬১৬ রান করেছেন। যদিও তাঁর স্ট্রাইক রেটের জন্য কিছু সমালোচনা হয়েছিল এবং কেউ কেউ ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মকভাবে না খেলার জন্য তাঁর অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আরপি সিং রাহুলের প্রশংসাই করেছেন।
“কেএল রাহুল টেকনিক্যালি খুব ভালো। তার খেলা সংক্রান্ত সচেতনতা রয়েছে এবং সে এমন বোলারদের বেছে নেয় যাদের বিরুদ্ধে সে একটি নির্দিষ্ট দিনে সুযোগ নিতে পারে। যদি সে ২৫ বলে ২৫ রান করে আউট হয়, আমরা বলব যে সে মণীশ পাণ্ডের মতো খেলেছে। কিন্তু সে তার উইকেট রক্ষা করে এবং জানে কখন গতি বাড়াতে হবে,” ক্রিকবাজের সাথে কথা বলার সময় আরপি সিং বলেছেন।
প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেলও আরপি সিং-এর সুরেই কথা বলেছেন। “কেএল রাহুলই একমাত্র খেলোয়াড় যে ধীরে ধীরে শুরু করলেও ২০ ওভারে সেঞ্চুরি করতে পারে। আপনি যদি ৬০ বলে ১০০ রান করতে সক্ষম হন, তা হলে এর মানে হল আপনি খেলাটি ভালোভাবে পড়েছেন এবং কীভাবে আপনার ইনিংসকে গতি দিতে হয় তা জানেন,” পার্থিব বলেছেন।