“দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়” – বিশ্বকাপের পরেও খেলবেন কিনা প্রশ্নে মিতালী রাজের জবাব
মার্চ থেকে নিজের ষষ্ঠ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি
আপডেট করা - Mar 2, 2022 1:32 pm

ভারতের ওডিআই অধিনায়ক মিতালী রাজ আসন্ন মার্চ মাসে তাঁর ষষ্ঠ বিশ্বকাপে নামতে চলেছেন। ইতোমধ্যেই তাঁর ৩৯ বছর হয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি বিশ্বকাপের পরেও খেলা চালিয়ে যাবেন কিনা। সেই প্রশ্নের জবাবে অবশ্য তিনি জানালেন যে এই ব্যাপারে তিনি এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দেশে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিতালী প্রেসকে বলেছেন যে তাঁর মনোযোগ বর্তমানে নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে ভালো করার দিকে এবং সেই সিরিজ শেষ হলে তিনি ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ের দিকে মনোনিবেশ করবেন।
তিনি বলেছেন, “দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। আমার ফোকাস নিউজিল্যান্ড সিরিজ এবং তারপর বিশ্বকাপের দিকে। এর পর ভেবে দেখব।”
একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওডিআই ম্যাচের সিরিজ এবং তারপরে ৪ঠা মার্চ থেকে শুরু হতে চলা ২০২২ আইসিসি মহিলা বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এটি মিতালীর ষষ্ঠ বিশ্বকাপ। ২০০০-এ তাঁর প্রথম বিশ্বকাপও ছিল নিউজিল্যান্ডের মাটিতে। ২২ বছর পরে এই সমাপতন দেখে ভারতীয় অধিনায়ক মনে করেন জীবনের একটি পুরো বৃত্ত সম্পূর্ণ হল।
স্ট্রাইক রেট নয়, ম্যাচের পরিস্থিতির দিকে নজর মিতালীর
তিনি বলেছেন, “আমি মনে করি এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। সহজ ছিল না একেবারেই। অনেক উত্থান-পতন হয়েছে। অনেক লড়াই করতে হয়েছে। আমার প্রথম বিশ্বকাপ ২০০০-এ নিউজিল্যান্ডে হয়েছিল, এবং আমি আবারও সেখানেই যাচ্ছি খেলতে। নিউজিল্যান্ডে এটি আমার ষষ্ঠ বিশ্বকাপ। এবার আমি আশা করি ভারত ফাইনাল খেলবে এবং জিতবে। বিশ্বকাপ জেতা যেকোনো খেলোয়াড়ের জন্য বিশেষ এবং আমিও আলাদা নই। এই ভাবনাটি এখনও আমাকে চালিত করে।”
দুই দশকেরও বেশী ভারতীয় ক্রিকেটের সেবা করা এই বর্ষীয়ান ব্যাটারকে সম্প্রতি তাঁর ধীর গতির ইনিংসের জন্য সমালোচিত হতে হচ্ছে। অনেকের মতে শক্তিশালী স্ট্রাইক রেটে মিতালীর রান করার অক্ষমতা ব্যাটিং ক্রমের পরবর্তী ব্যাটারদের উপর অতিরিক্ত চাপ নিয়ে আসে। সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে শুধুমাত্র ভারতীয় খেলোয়াড়দের স্ট্রাইক রেটকেই গুরুত্ব দিয়ে দেখা হয় এবং পরিস্থিতি অনুযায়ী একটি ম্যাচ খেলতে হয়।
তিনি বলেছেন, “আমি মনে করি স্ট্রাইক রেটকে খুব বেশী গুরুত্ব দেওয়া হয়। আমি শুধু জানতে চাই আপনারা কি শুধু ভারতের খেলোয়াড়দের স্ট্রাইক রেটের খেয়াল রাখেন নাকি অন্যদেরও। আমার মতে ক্রিকেট খেলা উচিত পরিস্থিতি অনুযায়ী।”