অভব্য আচরণের জন্য তিরস্কৃত ম্যাথিউ ওয়েড
বিতর্কিত এলবিডাব্লিউয়ের সিদ্ধান্তে অখুশি হয়ে ড্রেসিংরুমে ব্যাট ও হেলমেট ছুঁড়ে মারেন ওয়েড
আপডেট করা - May 20, 2022 4:14 pm

বৃহস্পতিবার (১৯শে মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্সের মধ্যে খেলা চলাকালীন আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার ম্যাথিউ ওয়েডকে তিরস্কার করা হয়েছে। রিভিউয়ের পর তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখলে দৃশ্যতই হতাশ হন এই বাঁহাতি ব্যাটার। ওয়েড বেশ নিশ্চিত ছিলেন যে বলটি প্যাডে আঘাত করার আগে তাঁর ব্যাটের কিছু অংশ স্পর্শ করেছিল এবং মাঠের আম্পায়ার তাঁকে আউট দেওয়ার পরে রিভিউ চাইতে খুব বেশী সময় নষ্ট করেননি ওয়েড।
আল্ট্রা এজে ব্যাটে লাগার সম্পর্কে নিশ্চিত করে কিছু বোঝা যাচ্ছিল না এবং তৃতীয় আম্পায়ার বল ব্যাটে লাগার ব্যাপারে আশ্বস্ত হননি এবং মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্তকেই অপরিবর্তিত রাখেন। বলটি অফ স্টাম্পের লাইনে পিচ হওয়ার পর ওয়েড সুইপ শট খেলতে গেলে শটটি মিস করার পরে মাঠের আম্পায়ার তাঁকে আউট দেন। দুটি চার এবং একটি ছক্কা মেরে ১৩ বলে ১৬ রান করে ইনিংসের শুরুটা ভালো করলেও একটি বড় ইনিংসের প্রত্যাশায় থাকা ওয়েড মাথা ঠাণ্ডা রাখতে পারেননি আম্পায়রের সিদ্ধান্তে।
সিদ্ধান্তের পর ড্রেসিংরুমের চেয়ার ভেঙে দেন ম্যাথিউ ওয়েড
আউট হয়ে মাঠ ছাড়তেই ওয়েড ড্রেসিংরুমে গিয়ে তাঁর ব্যাট ও হেলমেট ছুঁড়ে মারেন, যে দৃশ্য টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়েছে। তাঁর আচরণের জন্য তাঁকে তিরস্কার করা হয়েছিল এবং আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য লেভেল ১ অপরাধের কথা স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান।
“মিঃ ওয়েড আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধের কথা স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক,” আইপিএল একটি বিবৃতিতে বলেছে।
এদিকে, হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৬২ রানের সৌজন্যে গুজরাত তাদের ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে এবং আরসিবি অনায়াসে লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে জিততে সক্ষম হয়। বিরাট কোহলি ৫৪ বলে দুর্দান্ত ৭৩ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। এই জয়ের ফলে আরসিবি এখনও প্লে-অফের জন্য তাদের আশা বাঁচিয়ে রেখেছে। অন্যদিকে, গুজরাত টাইটান্স হারলেও প্রথম স্থানে থেকে প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলেছে।