মেগা নিলামের আগে কেএল রাহুল, মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে বেছে নিল লখনৌ ফ্র্যাঞ্চাইজি

নিলামের জন্য এখন দলের কাছে অবশিষ্ট রইল ৬০ কোটি টাকা

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম সংস্করণে যুক্ত হচ্ছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে লখনৌ ফ্র্যাঞ্চাইজি ঠিক করে ফেলল নিলামের আগে কোন তিন ক্রিকেটারকে তারা দলে নিচ্ছে। কেএল রাহুল, মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোই হলেন সেই তিন ক্রিকেটার যাঁদেরকে নিলামের আগেই দলে অন্তর্ভুক্ত করল লখনৌ। ১২ ও ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে মেগা নিলাম আয়োজিত হবে। 

জানা গেছে যে ফ্র্যাঞ্চাইজি দ্বারা নির্বাচিত হওয়া প্রথম খেলোয়াড় হলেন কেএল রাহুল। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁকে ১৫ কোটি টাকা দেওয়া হবে। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া স্টোইনিস ১১ কোটি টাকা পাবেন এবং রবি বিষ্ণোই আনক্যাপ্‌ড খেলোয়াড় হওয়ায় ৪ কোটি টাকা পাবেন। ফলে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির হাতে থাকলে মোট ৬০ কোটি টাকার বাজেট৷ 

পাঞ্জাব কিংসের থেকে বেরিয়ে এসে নতুনভাবে আইপিএল কেরিয়ার শুরু করতে চেয়েছিলেন রাহুল

রাহুলের লখনৌ ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে প্রচুর জল্পনা-কল্পনা চলছিল অনেক দিন ধরেই। কলকাতা ভিত্তিক বহুজাতিক সংস্থা আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ২০২১-এর অক্টোবরে দুবাইতে আয়োজিত একটি বিডিং ইভেন্টে ৭০৯০ কোটি টাকায় কিনেছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজি।

আগের দুই মরসুমে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেওয়া রাহুল, দল পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করার ফলে তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেয়। কিংস গত চারটি সংস্করণের প্রতিটিতে টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে শেষ করেছিল। রাহুল ব্যাট হাতে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও উধিনায়ক হিসেবে দলের ট্রফিখরা কাটাতে ব্যর্থ হয়েছেন। 

২০২০ সালের আইপিএলে রাহুল সর্বাধিক রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন, এবং ২০২১ সালে রান সংগ্রহকারীর তালিকায় তৃতীয় স্থানে শেষ হয়েছিলেন। 

কর্ণাটকের খেলোয়াড়টি ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। তারপর ২০১৪তে তাঁকে সানরাইজার্স হায়দ্রাবাদ তুলে নেয়। ২০১৫ অবধি সেখানে থাকার পর ২০১৬তে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে যুক্ত হন। তারপর ২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসের (পূর্বে কিংস ইলেভেন পাঞ্জাব) সঙ্গে জড়িত তিনি।  

২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) যোগ দিয়ে আইপিএল কেরিয়ার শুরু করা স্টোইনিস ২০১৬ থেকে ২০১৮ অবধি কিংস ইলেভেন পাঞ্জাবে ছিলেন। তার পরের মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গেলেও ২০২০ থেকে দিল্লি ক্যাপিটালসের অংশ ছিলেন তিনি। 

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্সের মাধ্যমে প্রচারের আলোয় এসেছিলেন বিষ্ণোই। ২০২০ সালে পাঞ্জাব তাঁকে ২ কোটি টাকার বিনিময়ে নিয়েছিল, এবং তিনি তাঁর অভিষেক মরসুমে ১২ উইকেট নিয়ে তৎক্ষণাৎ মুগ্ধ করেছিলেন। ২০২১ সালেও বিষ্ণোই ১২ উইকেট পেয়েছিলেন। 

এদিকে, লখনৌয়ের সঙ্গে নতুন যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদও তাদের তিন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। সেই তিনজন হলেন হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিল। 

close whatsapp