আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রশিদ খান
আপডেট করা - May 21, 2023 6:58 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ অসাধারণ ফর্মের সাথে খেলছেন গুজরাট টাইটান্সের (জিটি) অভিজ্ঞ খেলোয়াড় রশিদ খান। তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ২৩টি উইকেট শিকার করেছেন। তিনি এই মুহূর্তে পার্পেল ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। মহম্মদ শামিও ২৩টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট রশিদের থেকে ভালো হওয়ায় তিনি প্ৰথম স্থানে রয়েছেন।
২০২২ সালের মরসুমে গুজরাট টাইটান্সের শিরোপা জয়ের পিছনে রশিদ খানের অনেক বড় ভূমিকা ছিল। সম্প্রতি, আগের মরসুমের ২৯ তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে অধিনায়কত্ব করা নিয়ে মুখ খুলেছেন রশিদ। সেই ম্যাচটিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করে জিটিকে জিততে সাহায্য করেছিলেন তিনি।
গুজরাট টাইটানস পডকাস্টে রশিদ খান বলেন, “এটি একটি বিশেষ ম্যাচ ছিল কারণ এটি ছিল আইপিএলে অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচ, এবং তাও রমজানে। সেহরির জন্য ভোর ৩টেয় ঘুম থেকে উঠি। আমি আশিস নেহরার কাছ থেকে একটি ম্যাসেজ পাই, ‘খান সাহেব প্রস্তুত হন। হার্দিক হয়তো খেলবেন না কারণ তিনি সুস্থ নন।’ সেইসময় উত্তেজনা এবং চাপ ছিল। এটা আমার একটা স্বপ্ন ছিল।”
তিনি আরও বলেন, “আমি আফগানিস্তান থেকে এসেছি এবং আগামীকাল আমি আইপিএলে ভারতের একটি দলকে নেতৃত্ব দেব। যে মুহুর্তে আমি ঘুমাতে চেয়েছিলাম, চোখের সামনে সব ভেসে আসছিল। ভাবছিলাম টসে কি বলবো, কেমন হবে সেই মুহূর্ত। আমি অতীতে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছিলাম কিন্তু আইপিএলে একটি দলকে নেতৃত্ব দেওয়া হল একটি ভিন্ন অভিজ্ঞতা।”
নিজেদের পরবর্তী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স
২১শে মে, রবিবার, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। জিটি এই মরসুমের প্ৰথম দল হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করেছিল। তবে প্লেঅফসে পৌঁছনোর ক্ষেত্রে আরসিবির জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
২৩ শে মে, মঙ্গলবার, এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্লেঅফসের প্ৰথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। সিএসকে-কে তাদের ঘরের মাঠে পরাজিত করা খুবই কঠিন কাজ। তবে এই ম্যাচটিতে যে দল পরাজিত হবে তারা ফাইনালে যাওয়ার জন্য আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে।