ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুতি নিতে ব্যস্ত নাইট বাহিনী

David Wiese and Suyash Sharma
David Wiese and Suyash Sharma. (Photo Source: KKR/Twitter)

২৩শে এপ্রিল, রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৩ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টানা তিনটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছে কেকেআর। তাই এই ম্যাচটি জেতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিএসকের বিরুদ্ধে ম্যাচের আগে জোরকদমে অনুশীলন করছে কেকেআর।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্ৰথম ম্যাচে পরাজিত হওয়ার পর টানা দুটি ম্যাচ জিতে নিয়ে অসাধারণভাবে কামব্যাক করেছিল কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছিল নীতিশ রানার দল। আরসিবির বিরুদ্ধে ৮১ রানে জয় পাওয়ার পর তার পরের ম্যাচে রিঙ্কু সিংয়ের ৫ বলে ৫টি ছয়ের হাত ধরে ৩ উইকেটে জয় পেয়েছিল কেকেআর। কিন্তু তারপরেই আবার ছন্দপতন হয় নাইট বাহিনীর। তারা যথাক্রমে এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) ২৩ রানে, রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৫ উইকেটে এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত হয়েছিল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের নেট রান রেট হল +০.২১৪।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে ফিরতে চাইবে কলকাতা নাইট রাইডার্স

পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানের উন্নতি করতে হলে পরের ম্যাচটি জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। চেন্নাই সুপার কিংস এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তারা এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৪টি ম্যাচে জিতেছে। তাদের নেট রান রেট হল +০.৩৫৫। সিএসকে দলে চোটজনিত কিছু সমস্যা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও খুব ভালো পারফরম্যান্স করছে তারা। বেন স্টোকস এবং দীপক চাহার চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।

কলকাতা নাইট রাইডার্স নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্যাটিং এবং বোলিং অনুশীলন করার বেশ কয়েকটি ভিডিও এবং ফটো শেয়ার করেছে। দুটি ভিডিওতে অধিনায়ক নীতিশ রানাকে ব্যাটিং এবং বোলিং অনুশীলন করতে দেখা যায়। এছাড়াও তারা আন্দ্রে রাসেলের ব্যাটিং অনুশীলন করার ভিডিও শেয়ার করেছে। সুয়াশ শর্মা এবং বরুণ চক্রবর্তীকেও জোরকদমে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে। ডেভিড উইজের একটি ছবিও শেয়ার করেছে কেকেআর। চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে কেকেআর জয়ে ফিরতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp