আসন্ন মরসুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব সামলাতে চলেছেন ধোনিই
আপডেট করা - Jan 28, 2022 2:47 pm

দীর্ঘদিন ধরেই একটা জল্পনা চলছে। শোনাযাচ্ছে এবারই নাকি বদলে যেতে পারে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। জল্পনা চললেও আসন্ন মরসুমে সেই ঘটনা দেখতে পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। সবকিছু ঠিকঠাক চললে এবারেও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনিকেই দেখা যেতে চলেছে। এখনই রবীন্দ্র জাদেজা অধিনায়ক হচ্ছেন না। অন্তত ফ্র্যাঞ্চাইজি কর্তারা ধোনিকেই অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন। যদিও চুড়ান্ত সিদ্ধান্ত ধোনিই নেবেন।
দু বছর আগে ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তবে আইপিএল না খেলার ব্যপারে কিছু জানান নি তিনি।পরপর দু বছরই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে মাহিকে। গতবার তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু জল্পনা কমছিল না। বরং ধোনির অধিনায়কত্ব ছাড়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল।
যদিও এই বিষয়ে ধোনি একেবারেই মুখে কুলুপ এঁটেছি্লেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, এখনই যে আইপিএল না খেলার সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না সে ব্যপারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তাঁর তরফে। কিন্তু তিনি অধিনায়কত্ব রাখবেন কিনা, তা নিয়ে গুঞ্জন কমেনি। শোনা যাচ্ছিল ধোনি নাকি অধিনায়কত্বের ব্যটন এবার রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিতে পারেন।
ধোনির অধিনায়কত্ব নিয়ে কোনও ভাবনা নেই সিএসকে কর্তাদের, নিলাম নিয়েই চলছে আলোচনা
কিন্তু সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এখনই তিনি অধিনায়কত্ব ছাড়ছেন না, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে চেন্নাই সুপার কিংস তরফে। ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে এখনই নাকি কোনও ভাবনা নেই চেন্নাই সুপার কিংস কর্তাদের। বরং তাঁকেই তারা অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন। শুধুই তারাই নয় চেন্নাইবাসীর কাছেও ধোনিই এখনও সবচেয়ে প্রিয় অধিনায়ক। তাই ধোনিকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে কোনও কথাই তারা ভাবছেন না।
অধিনায়কত্বের বিষয়টি একেবারেই মহেন্দ্র সিং ধোনির ওপর ছেড়ে দিয়েছেন কর্তারা। যেদিন ধোনি মনে করবেন সেদিনই নাকি অধিনায়কত্ব ছাড়বেন তিনি। তার আগে নয়। আর চেন্নাই তরফে এমন ইঙ্গিত পাওয়ার পরে অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ধোনি ভক্ত সহ অগুন্তী চেন্নাই সুপার কিংস সমর্থকরা।
এই মুহূর্তে চেন্নাইয়েই রয়েছেন ক্যাপ্টেন কুল। সামনেই রয়েছে আইপিএলের মেগা নিলাম। সেখানেই সবচেয়ে বেশী নজর রয়েছে সকলের। বরাবরই খুব হিসাব করে দল গোছায় চেন্নাই সুপার কিংস। আর তা পুরোটাই হয় মাহির ইচ্ছায়। এবারও সেটাই হতে চলেছে। তাই তো আলোচনার জন্য এত আগে থেকেই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কোন কোন ক্রিকেটারকে তারা নিতে চায়, তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এমন শোনাযাচ্ছে এবার নাকি নিলামের আসরে সুপার কিংস কর্তাদের সঙ্গে উপস্থিত থাকবেন ধোনিও।