ব্যাটিং এবং বোলিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫৫ রানে জয় পেল গুজরাট টাইটান্স

GT vs MI
GT vs MI. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৩৫ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৫৫ রানে পরাজিত করল গুজরাট টাইটান্স (জিটি)। এই ম্যাচটি জিতে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল হার্দিক পান্ডিয়ার দল।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় জিটি। তিনি ৭ বলে ৪ রান করে আউট হন। আরেক ওপেনার শুভমন গিল ৭টি চার এবং ১টি ছয় সহ ৩৪ বলে ৫৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি ১৪ বলে ১৩ রান করেন। বিজয় শঙ্করও বেশি রান পাননি। তিনি ১৬ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ডেভিড মিলার এবং অভিনব মনোহর দুজনে মিলে ক্রিজে ঝড় তোলেন। তাদের মধ্যে ৭১ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মিলার ২টি চার এবং ৪টি ছয় সহ ২২ বলে ৪৬ রান করেন। অভিনব ২১ বলে ৪২ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়।

শেষে রাহুল তেওয়াতিয়াও ব্যাট হাতে ৫ বলে ২০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ২০৭ রান করে গুজরাট টাইটান্স। পীযুষ চাওলা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। অর্জুন তেন্ডুলকার ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। কুমার কার্তিকেয়, জেসন বেহরেনডর্ফ এবং রাইলি মেরেডিথও ১টি করে উইকেট পান।

ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে

রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত ৮ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার ইশান কিষানও বেশি রান পাননি। তিনি ২১ বলে ১৩ রানের একটি ধীরগতির ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন বেশ ভালো ছন্দের সাথে ব্যাটিং করেছিলেন। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। ২৬ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন গ্রিন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ৩ বলে মাত্র ২ রান করে আউট হন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব শুরুটা ভালো করেছিলেন। কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে ২৩ রান করেন সূর্যকুমার। টিম ডেভিড এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। তিনি ২ বলে ০ রান করে আউট হন। পীযুষ চাওলা ১টি চার এবং ১টি ছয় সহ ১২ বলে ১৮ রান করে রান আউট হন। নেহাল ওয়াধেরা ২১ বলে ৪০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। নূর আহমেদ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি বড় উইকেট নেন। রশিদ খান এবং মোহিত শর্মা যথাক্রমে ৪ ওভারে ২৭ রান এবং ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। হার্দিক পান্ডিয়া ১টি উইকেট পান। ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান অভিনব মনোহর।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp