অনুশীলনে লোকেশ রাহুল, দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার
আপডেট করা - Feb 7, 2022 9:29 pm

ভারতের ১০০০ তম ম্যাচে তিনি ছিলেন না। বিশ্রাম কাটিয়ে সোমবারই ভারতীয় শিবিরে যোগ দিলেন লোকেশ রাহুল। এদিন থেকেই প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। প্রস্তুতি শুরু ময়াঙ্ক আগরওয়ালেরও। দ্বিতীয় ম্যাচে নামার আগে খানিকটা হলেও স্বস্তিতে ভারতীয় দল। যদিএ এখনও পর্যন্ত কোয়ারেন্টাইনেই রয়েছেন শিখর ধওয়ান। তবে সিরিজ জয়ের ম্যাচে নামার আগে লোকেশ রাহুলের অনুশীলনে ফেরা ভারতীয় দলের ব্যাটিংকে অনেকটাই শক্তি যোগাচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ম্যাচে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারত। সেই সৌজন্যেই ১০০০ তম ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেডকে হারিয়ে সিরিজে ১-০-এ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচ জিতলেও দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে সেই কথা শোনাও গিয়েছিল তাঁর মুখ থেকে।
ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানে শেষ করে দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা বিধ্বংসী মেজাজে থাকলেও, বাকি ব্যাটাররা কিন্তু সেভাবে সফল হতে পারেননি। বরং রোহিত ফেরার পরই ধসে গিয়েছিল ভারতের টপ অর্ডার। ইশান কিষাণ থেকে বিরাট কোহলি ও ঋষভ পন্থ ব্যাটে রান পাননি কেউই। আর সেটা যথেষ্ট চিন্তার। তবে লোকেশ রাহুলের অনুশীলন শুরু করার পর এই চিন্তা একটু হলেও হয়ত কমছে রোহিত শর্মার।
বিশ্রাম কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দলে ফিরছেন লোকেশ রাহুল
Look who are here! 🙌
The trio has joined the squad and sweated it out in the practice session today. 💪#TeamIndia | #INDvWI | @Paytm pic.twitter.com/Nb9Gmkx98f
— BCCI (@BCCI) February 7, 2022
গতম্যাচে ভারতীয় দলের মিডল অর্ডার সেভাবে দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দলের মিডল অর্ডার মজবুত করতে লোকেশ রাহুলকে খেলানো হতেই পারে। ওপেনিংয়ে রোহিুত শর্মার সঙ্গে হয়ত এই ম্যাচেও ইশান কিষাণকেও রাখা হবে। তবে রোটেশনের কথা ভেবে আবার ময়াঙ্ক আগরওয়ালকেও খেলানো হতে পারে। কারণ ধওয়ানের পরিবর্ত হিসাবে তাঁকেই তো দলে নেওয়া হয়েছিল।
কম রানের লক্ষ্য থাকলেও প্রথম ম্যাচে চার উইকেট হারিয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতয় ম্যাচে সেই ভুল আর করতে চায়না ভারতীয় দল। একইসঙ্গে এই ম্যাচ জিতেই সিরিজও পকেটে পুরে ফেলতে চায় তারা। সেই লক্ষ্যে লোকেশ রাহুলের উপস্থিতি দ্রাবিড় থেকে রোহিত দুজনেরই আত্মবিশ্বাস বাড়াচ্ছে। দলের প্রথম একাদশে যে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
হাতে দুদিন সময় থাকলেও ওয়েস্ট ইন্ডিজ বধের লক্ষ্যে কিন্তু ভারতীয় দল সময় নষ্ট করতে নারাজ ছিল। ম্যাচের পরের দিনই প্রস্তুতিতে নেমে পড়েছিল টিম ইন্ডিয়া। এদিন অবশ্য বেশ খোশ মেজাজেই ছিল ভারতীয় দল। ২৩ বছর আগে এই দিনেই পাকিস্তানের বিরুদ্ধে ১০টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অনিল কুম্বলে। তাঁর বোলিং স্টাইল নকল করতে দেখা গেল রাহুল দ্রাবিড়কে।
Celebrating the 23rd anniversary of @anilkumble1074's 10-74 😁😁😎 #TeamIndia | @Paytm | #INDvWI pic.twitter.com/jQtxQXduHr
— BCCI (@BCCI) February 7, 2022
আগামি ৯ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে ভারত। চলছে জোরকদমে প্রস্তুতি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বুধবারই সিরিজ পাকা করে ফেলতে চায় টিম ইন্ডিয়া।