ম্যাচ জেতার পরেও শাস্তি ভোগ করতে হল কেএল রাহুলকে, কাটা গেল ম্যাচ ফি
জরিমানা হিসেবে রাহুলের ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হল ১২ লক্ষ টাকা
আপডেট করা - Apr 20, 2023 1:35 pm

১৯শে এপ্রিল, বুধবার, জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৬তম ম্যাচে ধীর ওভার-রেট বজায় রাখার কারণে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর অধিনায়ক কেএল রাহুলকে জরিমানা করা হয়েছে।
আইপিএলের ন্যূনতম ওভার-রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি ছিল এই মরসুমে লখনউ-ভিত্তিক দলের প্রথম অপরাধ। সেই কারণে রাহুলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ ওভারে লখনউ সুপার জায়ান্টস ১৫৪/৭ স্কোর করার পরে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে ১৪৪/৬ স্কোরে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছিল।
কুড়ি ওভারের মধ্যে রাহুল মাত্র ৬ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিলেন এবং বাকী ১৪ ওভার পেসারদের দিয়ে করানোয়, অনেকটাই সময় ব্যয় হয়েছিল। এ ছাড়া ওভার চলাকালীন লাগাতার বোলারদের সঙ্গে পরামর্শ করা এবং ফিল্ডিং পরিবর্তনের জন্যও সময় অপচয় করায় নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক রাহুল।
ওভার শেষ করার ক্ষেত্রে রাহুল এতটাই পিছিয়ে ছিলেন যে কুড়িতম ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার রাখার অনুমতি পেয়েছিলেন এলএসজি অধিনায়ক। এইবারের আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো দলের ওভার-রেট যদি নির্ধারিত সময়ের চেয়ে কম হয়, তবে যত ওভারের জন্য সেই দল পিছিয়ে রয়েছে, শাস্তি হিসেবে সেই সংখ্যক ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে সর্বোচ্চ চারজন ফিল্ডার রাখা যাবে।
রাজস্থানকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লখনউ
ম্যাচের শুরুতে রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। কেএল রাহুল ও কাইল মেয়ার্সের ওপেনিং জুটি ৮২ রানের পার্টনারশিপ গড়লেও, মাঝের ওভারে ব্যাটিং বিপর্যয় হওয়ায় মাত্র ১৫৪ অবধি পৌঁছতে পেরেছিল এলএসজি। তবে বোলারদের দক্ষতার কারণে ১০ রানে জিতে দুই পয়েন্ট সংগ্রহ করে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছিল সুপার জায়ান্টস।
ম্যাচ জয়ের পরে জয়পুরের পিচের মূল্যায়ন করে রাহুল বলেছেন, “১০ ওভারের সময়ে আমি ও কাইল (মেয়ার্স) যে বার্তাটি পাঠিয়েছিলাম তা ছিল এই ট্র্যাকে ১৬০ একটি ভালো স্কোর। তাদেরও ভালো বোলার রয়েছে যারা কন্ডিশনকে কাজে লাগিয়েছে। আমরা ১০ রান কম করেছিলাম, তবে বল হাতে পুষিয়ে দিয়েছি। শিশিরও ছিল না তাই এটি উভয় দলের জন্যই ন্যায্য ছিল।”