চারটি আইপিএল মরসুমে ৬০০+ রান করে রেকর্ড কেএল রাহুলের

চলতি আইপিএলে চারটি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি করে মোট ৬১৬ রান তোলেন রাহুল

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

কেএল রাহুল আরও একবার রেকর্ড বইয়ে নাম লেখালেন কারণ তিনি চারটি ভিন্ন ভিন্ন আইপিএল মরসুমে ৬০০+ রান করতে সক্ষম হয়েছেন। এই বছরের আইপিএলে তিনি ১৫ ইনিংসে ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছেন। এই রান ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে এসেছে। দুটি শতরানের পাশাপাশি চারটি ৫০+ স্কোরও রয়েছে তাঁর দখলে। তিনি লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-কে তাদের প্রথম আইপিএল মরসুমে এলিমিনেটর অবধি নেতৃত্ব দিয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 

এলএসজি অধিনায়কের আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যায় যখন তারা কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে ১৪ রানে পরাজিত হয়। এই উত্তেজনাপূর্ণ খেলায় ২০৮ রান তাড়া করতে নেমে কেএল ৫৮ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু, এলএসজি সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাঁর প্রচেষ্টা কাজে এল না। এই বছর মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬০ বলে ১০৩* তাঁর সর্বোচ্চ স্কোর।

কয়েক বছর ধরে কেএল রাহুলের দুর্দান্ত আইপিএল রেকর্ড

এই ইনিংসের পরে, ভারতীয় ব্যাটার আইপিএলের ইতিহাসে চারটি ভিন্ন মরসুমে ৬০০ বা তার বেশী রান করা প্রথম ব্যাটার হন। এই মরসুমের পাশাপাশি, ৩০ বছর বয়সী এই ব্যাটার ২০২১ মরসুমে ১৩ ম্যাচে ৬২৬ রান, ২০২০ মরসুমে ১৪ ম্যাচে ৬৭০ রান এবং ২০১৮ মরসুমে ৬৫৯ রান করেছিলেন। তিনি ২০১৯ মরসুমে ৫৯৩ রান করেন এবং মাত্র ৭ রানের জন্য ৬০০ রানের সীমা অতিক্রম করতে পারেননি। 

এই সমস্ত রেকর্ড থেকে বোঝা যায় যে কর্ণাটকের ব্যাটার সাম্প্রতিক সময়ে আইপিএলে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। তিনি ২০২০ মরসুমে অরেঞ্জ কাপও জিতেছিলেন। সেই বছর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি খেলা হয়েছিল। রাহুলের আগে, দুই আইপিএল কিংবদন্তী ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার তালিকার শীর্ষে ছিলেন কারণ তারা ইতোমধ্যে এই টুর্নামেন্টে তিনবার ৬০০ রানের সীমা অতিক্রম করেছেন। এখন, কেএল রাহুল চারবার সেই সংখ্যাটি অতিক্রম করে শীর্ষস্থানটি সুরক্ষিত করে তাঁদের দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছেন। এই বছর, তিনি রাজস্থানের জস বাটলারের (৭১৮ রান) পিছনে থেকে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

close whatsapp